লিড নিউজ

গোপালগঞ্জ: রাতে ফাঁকা শহর, চাপা আতঙ্কে থমথমে পরিবেশ

  • 9:54 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
চারদিকে যেন নীরবতা ও ভয়ের ছায়া। ছবি; সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর বুধবার রাতভর শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘুরে দেখা যায়, পুরো শহর একপ্রকার ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে নেই যানবাহন বা মানুষের চলাচল। শুধু শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে লাঠিসোঁটা, ইটপাটকেল, পোড়া টায়ারের মতো সংঘর্ষের চিহ্ন।

শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে গাছের গুঁড়ি, বাঁশ ও ইট ফেলে বাধা সৃষ্টি করে রাখা হয়েছে। শহরের কেন্দ্রস্থল লঞ্চঘাট এলাকায় দেখা গেছে আগুনের ধোঁয়া। চারদিকে যেন নীরবতা ও ভয়ের ছায়া।

সন্ধ্যার পর শহরের প্রতিটি মসজিদের মাইকে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রচার করা হয়। বলা হয়, কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত আর্মড পুলিশ ও সেনাবাহিনীর টহলদল।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যারা সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তারা অনেকেই গ্রেফতার এড়াতে হাসপাতাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তাঁদের স্বজনরা আশঙ্কা করছেন, হাসপাতালে থাকলে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দিতে পারে।

শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডরাও নিজ নিজ ভবনের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিকাল পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ চলাকালে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ হতেই লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি চারদিক থেকে নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা গাড়ি ঘুরিয়ে সরে পড়েন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের জানান, “আমাদের আশ্বস্ত করা হয়েছিল সব ঠিক আছে। কিন্তু সমাবেশে এসে দেখি উল্টো চিত্র।” তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

এর আগে দুপুরে গোপালগঞ্জের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ইউএনও এম রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গেলে ফেরার পথে তাঁর গাড়িতেও হামলা হয়। এতে চালক মোহাম্মদ হামিম আহত হন।

গোপালগঞ্জের এই সহিংসতার পেছনে রয়েছে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যা ১ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। দিনভর সংঘর্ষ, হামলা ও সহিংসতার পর রাতে শহরের চিত্র পাল্টে যায় সম্পূর্ণ। জনমানবশূন্য শহরে শুধুই ছিল আতঙ্কের নিঃশব্দ উপস্থিতি।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au