এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র
মেলবোর্ন,১ জুলাই- আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে…
মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ)। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এ চুক্তিকে বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন।
চুক্তির ফলে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার অংশ হয়ে উঠল। বিশ্লেষকেরা বলছেন, রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের সামরিক–পারমাণবিক সক্ষমতার এক নতুন মেলবন্ধন ঘটেছে। যদিও পাকিস্তান বলছে, চুক্তির আওতায় সরাসরি পারমাণবিক অস্ত্র নেই; শুধু প্রচলিত সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, ‘‘কোনো আগ্রাসনের জন্য এ চুক্তি ব্যবহার করার ইচ্ছা নেই। তবে যদি সৌদি আরব বা পাকিস্তান হুমকির মুখে পড়ে, স্বাভাবিকভাবেই এটি কার্যকর হবে।’’
রিয়াদ ইঙ্গিত দিয়েছে, চুক্তির ফলে তারা কার্যত এক প্রকার পারমাণবিক সুরক্ষা বলয়ের মধ্যে এসেছে। এতে স্বাভাবিকভাবেই ইসরায়েল উদ্বিগ্ন। যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে এখনো পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেনি।
চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা–নির্ভরতা কমারও ইঙ্গিত।
চুক্তির খবর ভারতের প্রতিরক্ষাতেও উদ্বেগ তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের সাত গুণ হলেও সৌদি আরবের আর্থিক সহায়তা ইসলামাবাদকে কিছুটা ভারসাম্য এনে দিতে পারে। ইরানও এ চুক্তি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো হাসান আল হাসান বলেন, ‘‘ইসরায়েলের তুলনায় কৌশলগতভাবে পিছিয়ে থাকা সৌদি আরব এ চুক্তির মাধ্যমে শূন্যতা পূরণের চেষ্টা করছে।’’
দীর্ঘদিন ধরে সৌদি আরবে পাকিস্তানের সেনা অবস্থান করছে। নতুন চুক্তি আরও বড় সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে তিনবার যুদ্ধ করেছে তারা, এবং উভয় দেশের কাছেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি–পাকিস্তান চুক্তি শুধু উপসাগরীয় অঞ্চলে নয়, গোটা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au