বিশ্ব

মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যেই গাজায় ইসরায়েলের তীব্র হামলা

  • 1:32 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- ফিলিস্তিনের গাজা নগরীতে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিমান থেকে বহুতল ভবন লক্ষ্য করে বোমা ফেলার পাশাপাশি স্থল অভিযানে অগ্রসর হয়েছে সেনারা। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই হামলার ঘটনা ঘটল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম আট দেশের নেতাদের বৈঠকের সময়। আলোচনায় অংশ নেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতারা।

বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি হবে “সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।” তিনি যুদ্ধ শেষ করতে চান বলেও দাবি করেন। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি হোয়াইট হাউস। পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মুসলিম নেতারা ট্রাম্পের কাছে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের বিষয়টি তুলে ধরেছেন। তাঁরা দ্রুত যুদ্ধবিরতি, ত্রাণ প্রবেশ ও জিম্মিদের মুক্তির ওপর জোর দেন। একই সঙ্গে গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর উপকণ্ঠে তেল আল-হায়া এলাকায় ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল। আল-কুদস হাসপাতাল ও আল-শিফা হাসপাতালের কাছেও সেনাদের উপস্থিতি বেড়েছে, যা স্থানীয়দের আতঙ্ক বাড়াচ্ছে।

আকাশপথেও অব্যাহত হামলা চলছে। আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজোউম জানিয়েছেন, ফিলিস্তিনিদের ঘুমের মধ্যেই নির্বিচার বোমাবর্ষণ করা হচ্ছে। বহুতল ভবনগুলোতে বৃষ্টির মতো বোমা ফেলছে ইসরায়েলি বিমান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ হাজার ৪১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বিশেষ দূত ওফার ব্রনসটাইন বলেছেন, আরও কয়েকটি দেশ শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তাঁর মতে, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সমাধান শুধু কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই সম্ভব।

অন্যদিকে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে “ছলনাময়” বলে আখ্যা দিয়েছেন ইস্তাম্বুল জাইম ইউনিভার্সিটির শিক্ষক সামি আল-আরিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা সংকটে নিরপেক্ষ নয়, বরং ইসরায়েলের আগ্রাসনে সরাসরি ভূমিকা রাখছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসন অব্যাহত। ইসরায়েলের দাবি, তারা হামাস দমনে অভিযান চালাচ্ছে; তবে নিহতদের অধিকাংশই সাধারণ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখন মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।

ট্রাম্প মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে যুদ্ধ থামানোর আহ্বান জানালেও, বাস্তবে গাজায় ইসরায়েলের হামলা আরও বেড়েছে। ফিলিস্তিনের বিপুল প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে বিশ্ব সম্প্রদায়।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au