ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিভিন্ন দেশের নেতারা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানান।
শুক্রবার সেশনের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি বলেন,“আপনারা ভেতরে–ভেতরে জানেন, ইসরায়েল আসলে আপনাদের জন্যই লড়াই করছে। প্রকাশ্যে আমাদের নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন।”
তিনি আরও জানান, গোপন বৈঠকগুলোতে অনেক বিশ্বনেতা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন, কারণ তা বহু সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে এবং অসংখ্য জীবন বাঁচিয়েছে।
নেতানিয়াহু মঞ্চে ওঠার পর প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ ত্যাগ করেন বহু প্রতিনিধি।গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।এবারের অধিবেশনে মূল আলোচনার কেন্দ্রেই ছিল গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা।
গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, হামাস দুর্বল হলেও এখনো হুমকি হয়ে আছে।ইসরায়েলি সেনাদের দৃঢ়তা ও সাহসের কারণে দেশটি ইতিহাসের অন্যতম বড় সামরিক প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে বলে দাবি করেন তিনি।লেবাননের সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা ও সিরিয়ার সঙ্গে আলোচনার প্রশংসা করলেও দুই দেশের পক্ষ থেকেই নিয়মিত অভিযোগ ও হামলার ঘটনাকে ঘিরে অবিশ্বাস রয়ে গেছে।
ভাষণের শেষ দিকে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ শেষ পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তাঁর দাবি, এই জয় আব্রাহাম অ্যাকর্ডসকে আরও সম্প্রসারিত করবে—যে চুক্তির মাধ্যমে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
সুত্রঃআল–জাজিরা