মেলবোর্ন, ১৬ অক্টোবর- চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, এবং মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
তবে এবার দেশের ২০২টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি, যা গত বছরের ৬৫টি কলেজের চেয়ে ১৩৭টি বেশি। ফলে শূন্য পাস কলেজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির কর্তৃক প্রকাশিত হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর কয়েকটি স্থগিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
- ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১
- রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২
- কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০
- যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭
- চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫
- বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫
- সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩
- দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২
- ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩
- মাদরাসা বোর্ড (আলিম): ৮৬ হাজার ১০২
- কারিগরি বোর্ড: ১ লাখ ৯ হাজার ৬১১