মেলবোর্ন, ১৩ নভেম্বর- রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-২ এর একটি বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বুধবার (১২ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রায়েরবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বুদ্ধিজীবী কবরস্থান এলাকার পাশে একটি পরিত্যক্ত স্থানে সন্দেহজনক প্যাকেট দেখতে পেয়ে তা তল্লাশি করে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাবের ধারণা, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব বোমা ও ককটেল সেখানে মজুদ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিকে ঘিরে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের তিন রাস্তা ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করেছিল।
র্যাবের একজন কর্মকর্তা বলেন, “এগুলো বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য প্রস্তুত করা হয়েছিল বলে আমাদের ধারণা। আমরা সময়মতো অভিযান চালিয়ে তা উদ্ধার করতে পেরেছি।”
উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে র্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।