বসতঘরের আগুন নেভাতে কাজ করছে এলাকাবাসী। ছবি : কালবেলা
মেলবোর্ন, ৮ ডিসেম্বর- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাতে হঠাৎ লাগা আগুনে ১০টি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িঘরে, আর ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই রাতটা কাটান খোলা আকাশের নিচে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্য, আবলি মিয়ার বসতঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কয়েক মিনিটের মধ্যেই লেলিহান শিখা আশপাশের ঘরগুলোয় পৌঁছে যায়। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও শিখার তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে গেছে ১০টি পরিবারের ঘর, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা। ক্ষতিগ্রস্তরা হলেন শুকুর আলী, এশাদুল মিয়া, শাহারুল মিয়া, স্বপন মিয়া, নুরুজ্জামান, কামরুজ্জামান, জাকির হোসেন, সেলিম মিয়া, সোহাগ মিয়া এবং মনসুর উল্লা।
বীরগাঁও গ্রামের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ জানান, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।