লাভলু মোল্লাহ শিশির। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছিলেন, আর আসামিপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত তিন দিন রিমান্ডের নির্দেশ দেন।
লাভলু মোল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবী জি এম কাউসার উল ইসলাম জানান, রিমান্ডের আদেশের বিষয়টি তাঁরা আদালত থেকেই জানতে পারেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পক্ষে মন্তব্য করেন লাভলু মোল্লাহ। ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাঁকে তাঁর বাসা থেকে আটক করে শাহবাগ থানায় দেন।
পরদিন ১৮ নভেম্বর তাকে সাড়ে পাঁচ মাস আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ মে শাহবাগ থানার কাঁটাবন মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন এবং পুলিশ পৌঁছানোর পর ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।