বাংলাদেশ

ছায়ানট যেন এক ধ্বংসস্তূপ

  • 4:55 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:২৪১ বার
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান গেয়ে প্রতিবাদ জানান নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা -সমকাল

মেলবোর্ন,২০  ডিসেম্বর- রাজধানীর ধানমন্ডিতে দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছয়তলা ভবনের প্রায় প্রতিটি কক্ষ ও মিলনায়তন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও অক্ষত নেই হারমোনিয়াম, তবলা, তানপুরা, সেতারসহ সংগীতচর্চার উপকরণ।

বৃহস্পতিবার দিবাগত রাতে চালানো এ হামলার পর শুক্রবার সকালে ছায়ানট ভবনে গিয়ে দেখা যায় ধ্বংসস্তূপের এমন দৃশ্য।

ভবনের ভেতরে মেঝেতে ছড়িয়ে ছিল পুড়িয়ে দেওয়া বাদ্যযন্ত্র, ভাঙা মাইক্রোফোন স্ট্যান্ড, ছেঁড়া স্বরলিপি ও খাতা। দেয়ালে ঝুলতে দেখা যায় ভাঙচুর করা চিত্রকর্ম। পোড়ানো নথিপত্র, ভাঙা আলমারি, চেয়ার-টেবিল যেন একযোগে সাক্ষ্য দিচ্ছিল পরিকল্পিত ধ্বংসযজ্ঞের।

ছায়ানট ভবনের বিভিন্ন তলায় ঘুরে দেখা যায়, নিচতলা থেকে ষষ্ঠ তলার লাইব্রেরি পর্যন্ত সর্বত্র একই চিত্র। বিশেষ করে হারমোনিয়াম, তবলা, তানপুরার মতো বাদ্যযন্ত্র ছিল হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তু। তৃতীয় ও চতুর্থ তলায় বাদ্যযন্ত্র, নথিপত্র ও আসবাবে আগুন দেওয়া হয়। ষষ্ঠ তলার লাইব্রেরিতে ভাঙচুরের পাশাপাশি কিছু বই পুড়িয়ে দেওয়া হয়েছে।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা শোকাহত। তবে তার মৃত্যুর সঙ্গে ছায়ানটের কোনো সম্পর্ক নেই। তিনি প্রশ্ন তোলেন, এই হামলার কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

ছায়ানট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হামলায় সার্ভারসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও কিছু হার্ডডিস্ক লুট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে জানা যায়, রাত দেড়টার পর প্রথমে পার্কিং লটে কাঠ জড়ো করে আগুন দেওয়া হয়। কিছুক্ষণ পর শতাধিক মানুষ লাঠিসোটা হাতে ভবনের মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমেই সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাত আড়াইটার দিকে হামলাকারীরা সরে যায়।

হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিদ্যায়তনের সব ক্লাস ও কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা জানায়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক বিবৃতিতে তিনি বলেন, কোনো সাংস্কৃতিক সংগঠনের ওপর এমন হামলা শুধু ফৌজদারি অপরাধ নয়, এটি দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্র।

হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ছায়ানট ভবনের সামনে জাতীয় সংগীত ও গণসংগীতে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে প্রতিবাদ জানান।

একই দিনে নাগরিক সমাজের প্রতিনিধিরা ছায়ানটের সামনে অবস্থান নিয়ে সাম্প্রতিক সহিংসতা ও নিরাপত্তা ব্যর্থতার প্রতিবাদ করেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা ও আইনজীবী মানজুর আল মতিনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার দিনভর ভবনটিতে আরও ভাঙচুর চলে।

এ ছাড়া রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যার দিকে একদল লোক কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

একাধিক স্থানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনায় রাজধানীতে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: সমকাল

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au