মেলবোর্ন, ২১ ডিসেম্বর- নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি–এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া কয়েকটি নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইভিএসি জানায়, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে নতুন করে ঘোষণা দেওয়া হবে। তবে আপাতত সব ধরনের ভারতীয় ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ একটি দল চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়।
এর পর থেকেই সহকারী হাইকমিশনার কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক এই সিদ্ধান্তে চট্টগ্রাম ও আশপাশের জেলার ভিসা প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।