বিশ্ব

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

  • 11:53 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৭৫ বার
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০। ছবি : রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। একই দিনে চেরনিহিভ ও ক্রেমেনচুক শহরে হামলায় আরও পাঁচজন নিহত হন। রাতে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান একজন। একের পর এক হামলায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় রাশিয়া। এসব হামলায় রেলস্টেশন, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হত্যা করছে। তারা ট্রেন, রেলস্টেশন ও আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার কোনো যৌক্তিকতা নেই।

দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন স্টেশনের প্ল্যাটফর্মে আঘাত হানে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া এ তথ্য জানিয়েছে।

হামলার পর প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে পড়ে মরদেহ ও বিস্ফোরণের ধাতব টুকরা। মেঝেতে জমে যায় রক্ত। এ সময় বাজছিল বিমান হামলার সতর্কসংকেত। পুলিশ কালো ব্যাগে করে মরদেহ সরিয়ে নিচ্ছিল। স্টেশনের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন ৬৭ বছর বয়সী স্বিতলানা শেরবাক। তিনি বলেন, ‘আর এসব কেন? তারা আসলে কী অর্জন করতে চাইছে? আমি কিছুই বুঝতে পারছি না।’

দিনিপ্রোতে আরেকটি হামলায় শিক্ষার্থীদের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা এ তথ্য জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের হামলায় শহরটির প্রায় তিন লাখ ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যান্য শহরেও প্রাণহানি

উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি ব্যস্ত সড়কে ড্রোন হামলায় দুই কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। আহতদের মধ্যে চারটি শিশু রয়েছে। শহরটির সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রিঝিনস্কি জানান, হামলার শিকার ব্যক্তিরা সবাই সাধারণ নাগরিক ছিলেন। তাঁরা প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন।

মধ্য ইউক্রেনের ক্রেমেনচুক শহরে আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩২ জন। আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন। হামলায় কয়েকটি ব্যক্তিগত ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে তিনটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় শহরের কয়েকটি বাসে আঘাত লাগে। এতে আহত হয়েছেন ছয়জন।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১টার কিছু আগে রাজধানী কিয়েভের কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, এ হামলায় একজন নিহত হয়েছেন। কয়েকটি গুদামে আগুন ধরে যায়। এ ছাড়া দিনিপ্রো নদীর পূর্ব তীরের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা

ইউক্রেনের বিভিন্ন শহরে যখন রাশিয়ার হামলা চলছে, তখন দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে শহরটি যুদ্ধের মধ্যে আটকে রয়েছে। ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই জানিয়েছে, ওই এলাকায় মাইন অপসারণের কাজ শেষ হয়েছে। ফলে এখন শহরটিতে ত্রাণ পাঠানো সম্ভব হবে। পাশাপাশি যেসব বাসিন্দা শহর ছেড়ে যেতে চান, তাঁদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে এ যুদ্ধবিরতি শুধু খেরসন অঞ্চলের নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য। ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে রেলপথ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও বাড়ছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থায় ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া হামলার মাত্রা বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই নতুন হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবারের হামলাকে অত্যন্ত নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যখন সবাই উত্তেজনা কমানোর উদ্যোগের অপেক্ষায় রয়েছে, তখন রাশিয়া নতুন করে হামলা চালাচ্ছে। এটি ইচ্ছাকৃত।

জেলেনস্কি আরও জানান, রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনের গোয়েন্দারা তথ্য পেয়েছেন। রাশিয়ার হামলা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মিত্র দেশগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এদিকে রাশিয়ার হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা নিয়মিত ঘটলেও মস্কো সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত এ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তায় শান্তি আলোচনার উদ্যোগ চলছে। আগামী মাসে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা কিরিলো বুদানভসহ ইউক্রেনের কর্মকর্তারা। তাঁদের মতে, রাশিয়ার হামলা বন্ধ করতে মিত্র দেশগুলোর আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন।…

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ তাহসিফের বাবার, ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা’

বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম দাবি করেছেন, তাঁর ছেলে সাঁতারে দক্ষ ছিলেন। পাইলট হিসেবে প্রশিক্ষণের…

কুয়েটের ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ হিন্দু শিক্ষক-কর্মকর্তাসহ মোট সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন…

রাজশাহীতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবায় নিজ বাড়িতে ঢুকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া…

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au