বাংলাদেশ

অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়, ব্যাখ্যা দিল ইইউ পর্যবেক্ষণ মিশন

  • 3:33 am - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস। ফাইল ছবি

মেলবোর্ন- অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সমাজের সব স্তরের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাকেই বোঝানো হচ্ছে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস। রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউর দৃষ্টিতে অন্তর্ভুক্তির অর্থ হলো বাংলাদেশের সব সামাজিক গোষ্ঠীর নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা। এর মধ্যে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং বিভিন্ন আঞ্চলিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতিকে একটি বড় সূচক হিসেবে দেখবে ইইউ পর্যবেক্ষণ মিশন বলে জানান তিনি। ইভার্স ইইয়াবস বলেন, ভোটার উপস্থিতির মাধ্যমেই বোঝা যাবে বাংলাদেশের নাগরিকরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা কার্যকরভাবে ব্যবহার করছে।

ঢাকার রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশনের পূর্ণাঙ্গ কার্যক্রম। ২০০৮ সালের পর এই প্রথম বাংলাদেশে পূর্ণ সক্ষমতার নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এই মিশনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকসহ মোট প্রায় ২০০ জন সদস্য থাকবেন। এর মধ্যে ঢাকাভিত্তিক ১১ জন বিশ্লেষক নিয়ে একটি কোর টিম, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এবং ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দলের ৫৬ জন সদস্য ইতোমধ্যে রোববার ঢাকায় পৌঁছেছেন।

ইভার্স ইইয়াবস বলেন, পর্যবেক্ষণ মিশন নির্বাচন প্রস্তুতি, আইনগত কাঠামো ও তার বাস্তবায়ন, নির্বাচনি প্রচার, নির্বাচনকালীন বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। এ লক্ষ্যে তারা নির্বাচন প্রশাসন, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি নারী, তরুণ প্রজন্ম ও ঝুঁকিতে থাকা অন্যান্য জনগোষ্ঠীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিবেশও মূল্যায়ন করা হবে।

ভোটারদের সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা মূল্যায়নের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পৃথক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে জাতীয় আইন অনুযায়ী নির্বাচন কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড মেনে চলার অঙ্গীকার করেছে, তার সঙ্গে নির্বাচনের সামঞ্জস্য কতটা, সেটিই হবে এই মিশনের মূল মূল্যায়নের বিষয়।

ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, ভোটগ্রহণের দুই দিন পর তারা একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তা উপস্থাপন করা হবে। প্রায় দুই মাস পর একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশও থাকবে।

অতীতে ইউরোপীয় রাষ্ট্রদূতরা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে বোঝাতেন, সে প্রসঙ্গ তুলে করা প্রশ্নে ইভার্স ইইয়াবস রাজনৈতিক দলের নিবন্ধন ও রূপান্তরকালীন সময়ে বিচারের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি ইস্যু এবং জাতীয় সমঝোতা ও রূপান্তরকালীন বিচার ঐতিহাসিকভাবে জটিল বিষয়। তবে এসব বিষয়ে মন্তব্য না করে নির্বাচন ও ভোটার উপস্থিতির ওপর এসব ইস্যুর প্রভাব পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে। পরে আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি নিয়েও প্রশ্ন করা হলে ইভার্স ইইয়াবস বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আইনশৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ নিয়ে ইইউ পর্যবেক্ষণ মিশন সতর্ক নজর রাখছে। তার প্রাথমিক ধারণা অনুযায়ী, বাংলাদেশ কর্তৃপক্ষ ঝুঁকির বিষয়ে সচেতন রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে মোতায়েন করা এবং একই সঙ্গে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভারসাম্য কীভাবে রক্ষা করা হচ্ছে, সেটিই পর্যবেক্ষণ করা হবে।

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সম্ভাব্য ঝুঁকি নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। জবাবে তিনি বলেন, সাধারণত একই দিনে দুটি ভোট হয় না, তবে কিছু ক্ষেত্রে তা দেখা যায়। ইইউ পর্যবেক্ষণ মিশনের মূল ম্যান্ডেট সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করা হলেও, যেহেতু দুটি বিষয় পরস্পরের সঙ্গে যুক্ত, তাই নাগরিকরা যথাযথভাবে তথ্য জেনে সিদ্ধান্ত নিচ্ছে কি না, সে দিকেও নজর রাখা হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত হচ্ছে কি না, এমন প্রশ্নে ইভার্স ইইয়াবস জানান, এই বিষয়টি তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবেন। গণমাধ্যমে প্রার্থীদের প্রবেশাধিকার, প্রার্থীদের নিবন্ধন ও আপিল প্রক্রিয়াসহ নানা দিক পর্যবেক্ষণের আওতায় থাকবে।

অতীতে ডিসি ও এসপিদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের পর রূপান্তরের মধ্য দিয়ে অস্থির সময় পার করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আইনি কাঠামো পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনই কোনো চূড়ান্ত ধারণা দেওয়ার সময় আসেনি বলে মন্তব্য করেন ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান।

সবশেষে ইভার্স ইইয়াবস বলেন, ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ইইউ পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম নির্বাচনি প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

এই শাখার আরও খবর

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au