মেলবোর্ন, ১৭ জানুয়ারি- নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই অবস্থায় বিষয়টি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড। মঙ্গলবার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তার সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল।
এন্ড্রু এফগ্রেড আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান। বিসিবির সঙ্গে বৈঠকের পর তিনি সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন। জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে আইসিসির পক্ষ থেকে দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসার কথা থাকলেও পরিকল্পনাটি পূর্ণতা পায়নি। ভিসা জটিলতার কারণে আইসিসির একজন ভারতীয় কর্মকর্তা বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। ফলে একাই ঢাকায় এসে বৈঠকে বসতে হয়েছে এফগ্রেডকে।
সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর পর থেকেই দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ে। এই প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সরকারের উচ্চপর্যায় থেকেও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প হিসেবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আইসিসি চায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলুক। আইসিসির যুক্তি, বিশ্বকাপের ভেন্যু, সূচি ও লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
এই অচলাবস্থা নিরসন এবং দুই পক্ষের অবস্থান কাছাকাছি আনতেই মূলত বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি। বৈঠকগুলো থেকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর ক্রিকেট মহলের।