বিশ্ব

ট্রাম্পের শুল্ক

‘সবচেয়ে বড়’ মুক্ত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত ও ইইউ

  • 4:34 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
গত বছর দিল্লির হায়দ্রাবাদ হাউসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৪ জানুয়ারি-  যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের স্থগিত মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় নতুন গতি এসেছে। দুই দশকের জটিল আলোচনার পর এই চুক্তিকে উভয় পক্ষই ‘সবচেয়ে বড় চুক্তি’ হিসেবে দেখছে, যা বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী সোমবার দিল্লিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের উপস্থিতিকে কেবল আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না কূটনৈতিক মহল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই সফরের মূল লক্ষ্য এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া।

ইউরোপের জন্য সময়টি বিশেষভাবে সংবেদনশীল। গ্রিনল্যান্ড ইস্যুতে মতবিরোধের জেরে ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ জোরদারের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি, তবে শুল্ক অনিশ্চয়তা ইউরোপকে নতুন ও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার খুঁজতে বাধ্য করেছে।

ভারতের ক্ষেত্রেও প্রেক্ষাপট আলাদা নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ শতাংশ শুল্ক নিয়ে অচলাবস্থা কাটেনি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় নেতৃত্বকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি করে দিল্লি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, তারা কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী করতে আগ্রহী। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের শীতেজ বাজপেয়ীর মতে, এটি ভারতের বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন, যেখানে কোনো একক শক্তির ওপর নির্ভরতা নেই।

জিডিপি ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে এ বছরই জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে। ফন ডার লিয়েন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ইতোমধ্যে একে ‘সবচেয়ে বড় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। চুক্তিটি কার্যকর হলে এটি হবে চার বছরের মধ্যে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি, আর ইউরোপীয় ইউনিয়নের জন্য সাম্প্রতিক মেরকোসুর চুক্তির ধারাবাহিকতা।

বিশ্লেষকদের মতে, ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনৈতিক শক্তি ইউরোপের জন্য বড় আকর্ষণ। ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি এবং চলতি বছরেই জিডিপি ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে জাপানকে পেছনে ফেলতে পারে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফন ডার লিয়েন বলেছেন, ভারত ও ইইউ একসঙ্গে হলে দুই বিলিয়ন মানুষের বাজার তৈরি হবে, যা বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করবে।

এই চুক্তির মাধ্যমে ভারতের জন্য ইইউর বাজারে শুল্ক সুবিধা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। পোশাক, ওষুধ, ইস্পাত ও যন্ত্রপাতির মতো খাতে রপ্তানি বাড়ার আশা করছে দিল্লি। তবে কৃষি, দুগ্ধজাত পণ্য এবং কিছু সংবেদনশীল খাত ধাপে ধাপে বা আলোচনার বাইরে রাখার ইঙ্গিত রয়েছে।

তবুও সব বাধা কাটেনি। মেধাস্বত্ব সুরক্ষা, তথ্য নিরাপত্তা এবং ইউরোপের নতুন কার্বন কর ব্যবস্থাকে ঘিরে মতপার্থক্য রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই উদ্বেগগুলো কীভাবে সমাধান করা হয়, তার ওপরই নির্ভর করবে চুক্তিটি সত্যিকারের প্রবৃদ্ধি সহায়ক অংশীদারত্বে রূপ নেবে কি না।

দীর্ঘমেয়াদে অবশ্য উভয় পক্ষই লাভবান হবে বলে ধারণা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্ক নীতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি থেকে দূরে থাকতে ভারত ও ইউরোপের এই ঘনিষ্ঠতা ভবিষ্যৎ বাণিজ্য মানচিত্রে নতুন দিক নির্দেশ করতে পারে।

 

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au