বাংলাদেশ

ইইউসহ বিভিন্ন বাজারে কমেছে বাংলাদেশের পোশাক রফতানি, চাপ বেড়েছে অপ্রচলিত বাজারেও

  • 4:51 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১০ বার

মেলবোর্ন, ১২ মার্চ- চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রফতানিতে নিম্নগতি দেখা গেছে। বিশেষ করে অপ্রচলিত বা নন-ট্র্যাডিশনাল বাজারে রফতানি কমে যাওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধিতে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন দেশে ভোক্তা ব্যয় কমে যাওয়ার ফলে পোশাকের চাহিদা হ্রাস পেয়েছে। এর প্রভাব প্রধান বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও পড়েছে।

বাংলাদেশের পোশাক রফতানির বাজার বৈচিত্র্য বাড়ানোর কৌশলের অংশ হিসেবে অপ্রচলিত বাজারগুলোর গুরুত্ব বাড়লেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে এসব বাজারে রফতানি কমেছে।

এই সময়ে অপ্রচলিত বাজারে মোট রফতানি হয়েছে ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ কম। মোট পোশাক রফতানির প্রায় ১৬ দশমিক ৪৪ শতাংশ এসেছে এসব বাজার থেকে।

তবে কিছু দেশে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ব্রাজিলে রফতানি বেড়েছে ২৩ দশমিক ৩১ শতাংশ, চীনে ২১ দশমিক ৫১ শতাংশ, সৌদি আরবে ২১ দশমিক ৪৬ শতাংশ, মালয়েশিয়ায় ১৬ দশমিক ৪০ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ১৫ দশমিক ৬৮ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ৯ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে রফতানি উল্লেখযোগ্যভাবে কমেছে। রাশিয়ায় রফতানি কমেছে ২৯ দশমিক ১৭ শতাংশ, তুরস্কে ২৪ দশমিক ৩৮ শতাংশ, মেক্সিকোতে ১৬ দশমিক ৮২ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১২ দশমিক ৬৮ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ১২ দশমিক ৭৬ শতাংশ।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে লোহিত সাগর, সুয়েজ খালসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্ব পোশাক উৎপাদনের বড় কেন্দ্র। এখানকার কারখানাগুলো থেকে ইউরোপের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের জন্য নিয়মিত পোশাক সরবরাহ করা হয়। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অনেক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটেছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই কয়েক দিন কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং ইত্তিহাদ এয়ারওয়েজসহ উপসাগরীয় বড় এয়ারলাইনগুলো বহু যাত্রী ও কার্গো ফ্লাইট বাতিল করেছে। ফলে ইউরোপসহ বিভিন্ন বাজারে পাঠানোর জন্য নির্ধারিত পোশাকের চালান ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমুদ্রপথেও ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ থেকে ইউরোপগামী বেশিরভাগ কনটেইনার জাহাজ সাধারণত লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে চলাচল করে। কিন্তু সংঘাতের কারণে ওই রুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অনেক জাহাজকে বিকল্প দীর্ঘ পথে চলতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে এবং পণ্য পৌঁছাতে সময়ও বেশি লাগছে।

বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এখনও ইউরোপীয় ইউনিয়ন। আলোচ্য সময়ে ইইউভুক্ত দেশগুলোতে মোট ১২ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, যা মোট রফতানির প্রায় ৪৯ দশমিক ১৮ শতাংশ। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এই বাজারে রফতানি কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ।

ইইউ অঞ্চলের কিছু দেশে রফতানি বেড়েছে। স্পেনে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০৩ শতাংশ, পোল্যান্ডে ৭ দশমিক ০৩ শতাংশ, স্লোভেনিয়াতে ৪৪ দশমিক ২৫ শতাংশ এবং অস্ট্রিয়াতে ৪ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে জার্মানিতে রফতানি কমেছে ১২ দশমিক ২০ শতাংশ, ফ্রান্সে ১১ দশমিক ৩০ শতাংশ, ডেনমার্কে ১২ দশমিক ৩২ শতাংশ, ইতালিতে ৮ দশমিক ০৬ শতাংশ এবং বেলজিয়ামে ৮ দশমিক ০৯ শতাংশ।

বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। জুলাই-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে ৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা মোট রফতানির প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ। তবে আগের বছরের তুলনায় এই বাজারে রফতানি সামান্য কমে ০ দশমিক ৭৪ শতাংশ হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও কানাডায় প্রবৃদ্ধি দেখা গেছে। যুক্তরাজ্যে রফতানি হয়েছে প্রায় ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ বেশি। আর কানাডায় রফতানি হয়েছে প্রায় ৮৭১ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ০৮ শতাংশ বেশি।

পণ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তৈরি পোশাক খাতের দুটি প্রধান উপখাত নিটওয়্যার ও ওভেন উভয় ক্ষেত্রেই রফতানি কমেছে। নিটওয়্যার রফতানি কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ এবং ওভেন রফতানি কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির কারণে অনেক বাজারে পোশাকের চাহিদা কমেছে। ফলে রফতানিতে কিছুটা চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে নতুন বাজার সম্প্রসারণ, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং উচ্চমূল্যের পোশাক উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো ও প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করাও জরুরি।

এই শাখার আরও খবর

স্নাতক ভিসার ফি বাড়িয়ে দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১২ মার্চ- সাম্প্রতিক এক সিদ্ধান্তে স্নাতকদের জন্য অস্ট্রেলিয়ার অস্থায়ী স্নাতক ভিসার আবেদন ফি দ্বিগুণ করেছে দেশটির সরকার। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের নাগরিকদের…

হট্টগোলের মধ্যে সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট

মেলবোর্ন, ১২ মার্চ- ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে হট্টগোল ও প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিয়েছেন। ভাষণ শুরুর সময় বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা…

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা

মেলবোর্ন, ১২ মার্চ- বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও সহিংসতার অভিযোগ তুলে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ…

ভারতের নাগরিকত্ব পেলেন পাঁচ বাংলাদেশি

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা পাঁচজন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর…

বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কারের তালিকায় শুভমান গিল, বিশেষ সম্মান পাচ্ছেন রাহুল দ্রাবিড় ও মিতালি রাজ

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতীয় ক্রিকেটের সেরা পারফরমারদের সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বিসিসিআইয়ের মর্যাদাপূর্ণ ‘নমন অ্যাওয়ার্ডস’। আগামী ১৫ মার্চ ভারতের রাজধানী…

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতার রাজভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au