বাংলাদেশ

টেকনাফে পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • 6:59 pm - April 21, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
টেকনাফে পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হলে পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন বাহারছড়া শীলখালী গ্রামের মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল। পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে সংঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং কারা জড়িত তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যদিও এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং তাদের শরীরে নৃশংস হামলার চিহ্ন রয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং দীর্ঘদিন ধরে চলমান অবৈধ কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন জানান, রাতের বেলায় মুজিবুর রহমান তার ছেলেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। কেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কাঠুরিয়া বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় লোকজনকে জিম্মি করে রাখার ঘটনা বেড়েছে। মাঝে মধ্যে পাহাড় থেকে চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে, জিম্মিদের নিয়ে সক্রিয় চক্রগুলোর মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রের ভয়ে ওই এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডে সেই আতঙ্ক আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au