অস্ট্রেলিয়া

শিশু যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তির পক্ষে সুপারিশপত্র, অস্ট্রেলিয়ায় মেয়রের পদত্যাগ দাবি

  • 9:45 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
অস্ট্রেলিয়ার মেলবোর্নের  উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়র প্রীত সিংকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের একাধিক সংসদ সদস্য।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- অস্ট্রেলিয়ার মেলবোর্নের  উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়র প্রীত সিংকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের একাধিক সংসদ সদস্য। শিশু যৌন অপরাধে দণ্ডিত এক ব্যক্তির পক্ষে চরিত্র সনদ বা সুপারিশপত্র দেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই চাপ তৈরি হয়েছে।

বিতর্কের মুখে উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের সহকর্মী কাউন্সিলররাও মেয়র প্রীত সিংয়ের পদত্যাগ দাবি করেছেন। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও পাস করা হয়েছে। তবে প্রীত সিং জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না এবং কাউন্সিলের কাজেই মনোযোগী আছেন।

অস্ট্রেলিয়ার ফেডারেল সংসদে বিষয়টি উত্থাপন করেন লেবার পার্টির সংসদ সদস্য জোয়ান রায়ান। তিনি বলেন, শিশু যৌন অপরাধে দণ্ডিত কাশ্যপ প্যাটেলের পক্ষে সুপারিশপত্র দেওয়ার ঘটনায় প্রীত সিংয়ের মেয়রের পদে থাকা অনৈতিক।

কাশ্যপ প্যাটেল ২০২৪ সালে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও প্রলোভনে ফেলার অভিযোগে দোষী সাব্যস্ত হন। পরে জানা যায়, প্রীত সিং আদালতে তার পক্ষে একটি চরিত্র সনদ জমা দিয়েছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রীত সিং সাময়িকভাবে মেয়রের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে কয়েক সপ্তাহ পর তিনি কাউন্সিলে ফিরে এলেও এখন পর্যন্ত কোনো প্রকাশ্য দায়িত্ব পালন করেননি।

এ ঘটনায় কাউন্সিলের সদস্যরা জরুরি বৈঠক ডেকে তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেন। যদিও সেটি বাধ্যতামূলক ছিল না। এ ছাড়া কেলেঙ্কারিকে কেন্দ্র করে একজন কাউন্সিলর পদত্যাগও করেছেন।

ফেডারেল সংসদে জোয়ান রায়ান বলেন, পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও প্রীত সিং এখনো পদত্যাগ না করায় তিনি হতাশ। তার ভাষায়, “শুরুতে এটি ছিল ভয়াবহ ভুল সিদ্ধান্ত। এখন সেটি আরও গুরুতর হয়ে উঠেছে, কারণ তিনি বুঝতেই পারছেন না তার এই সুপারিশ সমাজে কী বার্তা দিচ্ছে।”

তিনি বলেন, “শিশু যৌন নির্যাতনের মতো জঘন্য ও ধারাবাহিক অপরাধকে যেন তুচ্ছ করে দেখা হচ্ছে। তার আজই মেয়রের পদ থেকে সরে দাঁড়ানো উচিত।”

জোয়ান রায়ানের মতে, সহকর্মী কাউন্সিলর ও স্থানীয় জনগণের আস্থা হারানোর পরও মেয়রের দায়িত্বে থাকা প্রীত সিংয়ের জন্য আর গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “পিটিশন ও বিক্ষোভের মাধ্যমে জনগণ উদ্বেগ প্রকাশ করলেও তিনি নিজেকে রাজনৈতিক হামলার শিকার বলে দাবি করছেন। এটি হাস্যকর।”

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার আইন অনুযায়ী, এক বছরের জন্য নির্বাচিত কোনো মেয়রকে কাউন্সিল সরাসরি অপসারণ করতে পারে না। তবে ভবিষ্যতে এই আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার ওয়েরিবি আসনের লেবার সংসদ সদস্য জন লিস্টারও সংসদে প্রীত সিংয়ের সমালোচনা করেন। তিনি বলেন, “একজন শিশু যৌন অপরাধীর পক্ষে চরিত্র সনদ দেওয়া জঘন্য কাজ।”

তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি কোনো অবস্থাতেই প্রীত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন না। তবে কাউন্সিলের অন্য সদস্যদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

প্রীত সিং ২০২২ সালে টারনেইট আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

তবে সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রীত সিং বলেন, জোয়ান রায়ান ও জন লিস্টারের মন্তব্য তাদের ব্যক্তিগত বিষয়। এসব বক্তব্য তার ওপর কোনো প্রভাব ফেলছে না।

তিনি বলেন, “কেউ যদি রাজনীতি করতে চান, সেটা তাদের বিষয়।”

গত মাসের শুরু থেকে ব্যক্তিগত হুমকির কারণে তিনি মেয়র হিসেবে প্রকাশ্য দায়িত্ব পালন করতে পারছেন না বলেও দাবি করেন প্রীত সিং। তবে এতে কাউন্সিলের কাজ ব্যাহত হচ্ছে না বলে জানান তিনি।

প্রীত সিং আরও বলেন, তিনি এখনো নিজের দায়িত্বে মনোযোগী আছেন। বর্তমানে কাউন্সিলের খসড়া বাজেট জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, কাশ্যপ প্যাটেলের পক্ষে দেওয়া সুপারিশপত্রটি ২০২৪ সালের ১১ এপ্রিল লেখা হয়েছিল, যা কাউন্সিলে নির্বাচিত হওয়ার আগের ঘটনা। এছাড়া ওই চিঠি আদালতের রায়ে কোনো প্রভাব ফেলেনি বলেও দাবি করেন তিনি।

সুপারিশপত্রে প্রীত সিং উল্লেখ করেছিলেন, তিনি প্রায় ১৩ বছর ধরে কাশ্যপ প্যাটেলকে চেনেন এবং তাকে বন্ধু হিসেবে বিবেচনা করেন।

চিঠিতে তিনি লিখেছিলেন, “তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আমি এখনো তাকে বিশ্বাস করি। তিনি সবসময় সততা ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।”

তিনি আরও দাবি করেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ কাশ্যপ প্যাটেলের ওপর মানসিক প্রভাব ফেলেছিল।

চিঠিতে আরও বলা হয়, “আমি যতদিন তাকে চিনি, তিনি ভদ্র, পরিশ্রমী ও বিশ্বস্ত মানুষ ছিলেন। শিশু প্রলোভন ও যৌন নিপীড়নের অভিযোগে যে আচরণের কথা বলা হচ্ছে, আমি মনে করি সেটি এককালীন ঘটনা।”

চলতি বছরের ২৩ মার্চ উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়র নির্বাচিত হন প্রীত সিং। তার পূর্বসূরি জশ গিলিগান অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর তিনি দায়িত্ব নেন।

জশ গিলিগানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক মেয়র কিম ম্যাকঅ্যালিনিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়।

এদিকে চলতি মাসের শুরুতে ভিক্টোরিয়া অঙ্গরাজ্য সরকার উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে দুইজন মনিটর নিয়োগ দিয়েছে। তারা হলেন কাউন্সিলর আচরণবিষয়ক অভিজ্ঞ কর্মকর্তা জো-অ্যান মাজ্জেও এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ জিম গিফোর্ড।

২০২৫ সালে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল, স্থানীয় সরকার আইন সংশোধন করে কাউন্সিলগুলোকে অনাস্থা ভোটের মাধ্যমে ব্যর্থ মেয়র অপসারণের ক্ষমতা দেওয়া উচিত। ভিক্টোরিয়া সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে সেই পরিবর্তন কার্যকর করা হতে পারে।

ভিক্টোরিয়ার স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী পল হ্যামার বলেন, “ভিক্টোরিয়ার জনগণ স্থানীয় সরকারে উচ্চ মানের নেতৃত্ব প্রত্যাশা করে। এই মনিটররা উইন্ডহ্যাম সম্প্রদায়ের আস্থা পুনরুদ্ধারে কাজ করবেন।”

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au