বিশ্ব

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের, পাল্টা পদক্ষেপে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি

  • 2:05 pm - July 12, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুলাই- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি রোববার (১২ জুলাই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত নৌপথ ব্যবহার করে চলাচল করছিল এবং নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা (ট্রান্সপন্ডার) বন্ধ রেখে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। এ কারণে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, জাহাজটি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে চলাচল করছিল। তবে জাহাজটির পরিচয়, মালিকানা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। ইরানের পক্ষ থেকে পথ পরিবর্তনের জন্য সতর্কবার্তা দেওয়া হলেও সেগুলো উপেক্ষা করা হয়।

আইআরজিসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক বা অন্য কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। তাদের দাবি, এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন যেকোনো সামরিক ঘাঁটিও প্রয়োজন হলে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে গত শুক্রবার জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান প্রকাশ্যে ঘোষণা দিক যে তারা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করবে এবং কোনো ধরনের টোল ছাড়াই সব দেশের জাহাজ চলাচলের জন্য নৌপথটি উন্মুক্ত রাখবে।

একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি সপ্তাহে সংঘাত বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে তিনি একই সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তির ঘোষণাও দেন।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তান আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীরা শনিবার একটি টেলিফোন বৈঠকের আয়োজনের চেষ্টা করেন। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানে অবস্থান করছিলেন। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে অবস্থানকালে আব্বাস আরাগচি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

পরে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, হরমুজ প্রণালি–সংক্রান্ত বিষয় নিয়ে ওমান ও ইরানের প্রতিনিধিরা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে ওমানসহ কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এ গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে প্রণালিতে ইরানের অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতির চাপও বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে ওমান একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে ওমানের জলসীমার দক্ষিণ করিডর দিয়ে অবাধ নৌচলাচলের সুযোগ রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে ইরানের জলসীমার উত্তর করিডর ব্যবহারকারী জাহাজগুলোকে আগে থেকেই ইরানের অনুমোদন নিতে হবে, যদিও এ জন্য কোনো টোল দিতে হবে না।

তবে সিএনএনের এ প্রতিবেদন নিয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au