বিশ্ব

ঋণ শোধের আগে সেতুর টোল ভাগ নয়, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা কানাডার

  • 8:36 pm - July 17, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, অন্টারিওর উইন্ডসর ও যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটকে সংযুক্তকারী নতুন গর্ডি হাও আন্তর্জাতিক সেতু থেকে আদায় হওয়া টোলের অর্থ কানাডা শুরুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করবে না। তিনি বলেন, সেতু নির্মাণে কানাডার বিনিয়োগ করা অর্থ পুরোপুরি ফেরত পাওয়ার পরই টোল আয়ের ভাগাভাগি কার্যকর হবে।

প্রায় ৪৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত গর্ডি হাও সেতুর উদ্বোধন আগামী ২৭ জুলাই হওয়ার কথা রয়েছে। তবে উদ্বোধনকে ঘিরে সাম্প্রতিক সময়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে টোল আয় ভাগাভাগি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও কূটনৈতিক আলোচনা তীব্র হয়েছে। একই সময়ে দুই দেশ নতুন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গর্ডি হাও সেতু নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটি “অনেক ভালো চুক্তি” নিশ্চিত করেছেন। এরপর কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন, আগে যেখানে যুক্তরাষ্ট্র এ সেতু থেকে কোনো আয় পেত না, এখন তারা উল্লেখযোগ্য পরিমাণ আয় পাবে। এ বক্তব্যের পর কানাডার বিরোধী রাজনীতিকরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির সমালোচনা করে অভিযোগ তোলেন যে, সরকার যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত সুবিধা দিয়েছে।

তবে এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি স্পষ্ট করে জানান, মিশিগানের সঙ্গে ২০১২ সালে স্বাক্ষরিত মূল চুক্তিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, সেতু নির্মাণের পুরো ব্যয় কানাডাই বহন করেছে। তাই সেই বিনিয়োগের অর্থ পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত টোল থেকে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ অংশ কানাডার প্রাপ্য।

কার্নি আরও বলেন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং তুষার পরিষ্কারের ব্যয় বাদ দেওয়ার পর প্রথম ১৫ বছর সেতুর নিট আয় কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভাগাভাগি করা হবে। তবে প্রাথমিক বছরগুলোতে এসব ব্যয় বিবেচনায় নিট আয়ের পরিমাণ খুব বেশি হবে না বলেও তিনি মন্তব্য করেন।

রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে একটি নতুন সমঝোতা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, ভবিষ্যতে টোল থেকে অর্জিত নিট লাভের ৫০ শতাংশ যুক্তরাষ্ট্র পাবে। এছাড়া টোলের হার বর্তমানের তুলনায় ১০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব এলে যুক্তরাষ্ট্রের তা আটকে দেওয়ার ক্ষমতাও থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও এই সমঝোতার পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে কানাডার উত্তর অন্টারিওতে চলমান দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়েও দুই দেশের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। মিশিগানের কয়েকজন রিপাবলিকান কংগ্রেস সদস্য কানাডার বন ব্যবস্থাপনা ও দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

এর জবাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা বেড়েই চলেছে। এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ সব দেশের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে কার্লটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ফেন হ্যাম্পসন মনে করেন, গর্ডি হাও সেতু নিয়ে হওয়া চুক্তি কানাডার জন্য ইতিবাচক। তাঁর মতে, টোল আয় ভাগাভাগির সময় আসতে আসতে কানাডা ইতোমধ্যে নির্মাণ ব্যয়ের বড় অংশ তুলে নিতে সক্ষম হবে। তবে কানাডার বিরোধী কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য শুভালয় মজুমদার চুক্তিটির সমালোচনা করে এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ এবং আর্থিক হিসাব জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au