বিশ্বজুড়ে ‘আওয়ারাপন ২’-এর মোট গ্রস কালেকশন এখন প্রায় ১৭০ কোটি রুপি।ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২২ আগষ্ট- মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা ‘আওয়ারাপন ২’। গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি। মুক্তির অষ্টম দিন শেষে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৯ কোটি ১৭ লাখ রুপি, যা খুব শিগগিরই ১৭০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।
ভারতের বক্স অফিসে সিনেমাটির পারফরম্যান্সও বেশ শক্তিশালী। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ৫ কোটি ৫০ লাখ রুপি। এতে দেশটির বাজারে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। আর ভারতের বাজারে ছবিটির মোট গ্রস আয় পৌঁছেছে ১৪১ কোটি ৮৭ লাখ রুপিতে।
দেশের বাজারের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও প্রায় ১ কোটি রুপি আয় করেছে ‘আওয়ারাপন ২’। এর ফলে বিদেশের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৩০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন ১৬৯ কোটি ১৭ লাখ রুপি।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া পায়। প্রথম দিনে ২২ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ‘আওয়ারাপন ২’। এরপর দ্বিতীয় দিনে আয় করে ৩৩ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় দিনে ২৬ কোটি রুপি। ফলে প্রথম তিন দিনেই সিনেমাটির আয় উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছে যায়।
তবে সপ্তাহের কর্মদিবস শুরু হওয়ার পর আয় কিছুটা কমে আসে। চতুর্থ দিনে সিনেমাটি ৯ কোটি ২৫ লাখ, পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি আয় করে। এরপর অষ্টম দিনে আরও ৫ কোটি ৫০ লাখ রুপি যোগ হয়। এতে প্রথম আট দিন শেষে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়ায় ১১৯ কোটি রুপি।
‘আওয়ারাপন ২’ ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেষ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট ও মুকেশ ভাট।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন পুরন গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
ছবিতে ইমরান হাশমি অভিনীত শিবম পণ্ডিত চরিত্রকে ঘিরেই গল্প এগিয়েছে। ভালোবাসা, ত্যাগ, অপরাধবোধ ও পাপমোচনের টানাপোড়েনের মধ্য দিয়ে শিবম আবারও অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ও অতীতের নানা হিসাব-নিকাশ তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে।
মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের আগ্রহ ধরে রাখায় সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন বক্স অফিস বিশ্লেষকেরা। ১৭০ কোটি রুপির মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া ‘আওয়ারাপন ২’ এখন কত দ্রুত সেই সীমা অতিক্রম করে, সেটিই দেখার বিষয়।