খেলা

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

  • 7:08 pm - September 09, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
ছেলেদের কোচের ভূমিকায় শিরিন সুলতানা।

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন ময়মনসিংহের এই সাবেক কুস্তিগীর। বর্তমানে তিনি বাংলাদেশের ছেলেদের জাতীয় কুস্তি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশের কুস্তি দল। সেই দলের ছেলেদের নিয়মিত দুই বেলা অনুশীলন করাচ্ছেন ৩৭ বছর বয়সী শিরিন। প্রায় এক বছর ধরে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মেয়েদের পরিবর্তে ছেলেদের দলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিই তাকে নিয়ে তৈরি করেছে নতুন আলোচনা।

ছেলেদের জাতীয় দলের কোচ হিসেবে শিরিনের দায়িত্ব পাওয়া নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এই দায়িত্ব পালনের জন্য আরও অনেক পুরুষ কোচ থাকলেও ফেডারেশন শিরিনকেই বেছে নিয়েছে। তবে সমালোচনা নিয়ে খুব একটা ভাবছেন না সাবেক এই কুস্তিগীর। তার মনোযোগ এখন খেলোয়াড়দের প্রস্তুতিতে।

অনুশীলনের এক ফাঁকে বাংলা ট্রিবিউনকে শিরিন সুলতানা বলেন, ‘কে কী বললো তা কানে নিচ্ছি না। আমার কাজ কোচিং করানো, তাই করে যাচ্ছি। সেটা ছেলে বা মেয়েদের কোচ হই না কেন। একজন মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ কিংবা শেখাতে পারবো না? কোথায় কী লেখা আছে? আমি তো ছেলে কোচদের কাছ থেকে শিখেছি। ছেলেদের কাছ থেকে যদি শিখতে পারি, তাহলে আমি কেন কোচিংয়ে এসে ছেলেদেরই আবার শেখাতে পারবো না।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী কোচের নেতৃত্বে পুরুষ দলের প্রশিক্ষণের ঘটনা নতুন নয়। ফুটবলে মিরোনা, হ্যান্ডবলে ডালিয়ার পর এবার কুস্তিতেও ছেলেদের জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন একজন নারী। তবে শিরিনের কোচিংয়ে আসার পথ তৈরি হয়েছে নিজের দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে।

২০০৯ সালে কুস্তির সঙ্গে শিরিন সুলতানার পথচলা শুরু হয়। এরপর ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন তিনি। ২০১২ সালে ইন্দো-বাংলা রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক জেতেন। ২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৮ কেজি ওজনশ্রেণিতে রৌপ্যপদক অর্জন করেন।

এরপর ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জপদক জেতেন শিরিন। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জন করেন। এ ছাড়া এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসেও বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন তিনি। ২০১৯ সালে কুস্তির ম্যাট থেকে বিদায় নেন শিরিন।

খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরপর কোচিংয়ে মনোযোগ দেন তিনি। নিজেকে কোচ হিসেবে আরও দক্ষ করে তুলতে সলিডারিটি কোচেস কোর্স লেভেল-২ সম্পন্ন করেছেন। বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলন, কৌশল ও প্রস্তুতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

শিরিন সুলতানা বাংলাদেশ কুস্তি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। এ কারণে সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেন, ফেডারেশনে নিজের প্রভাব কাজে লাগিয়ে তিনি জাতীয় দলের কোচ হয়েছেন। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শিরিন।

তিনি বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কাউকে প্রভাব বিস্তার করিনি। এমন কাজ আমি কেন করবো? আমার যোগ্যতা আছে বলেই জাতীয় দলের কোচ হয়েছি। আর কে কী বললো তা নিয়ে আমি ভাবছি না। আমার মনোযোগ অনুশীলনে।’

সমালোচনা ও নানা প্রশ্নের মধ্যেও শিরিনের লক্ষ্য এখন এশিয়ান গেমস। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছেলেদের জাতীয় দলকে আন্তর্জাতিক মঞ্চে ভালো ফল এনে দেওয়াই তার প্রধান লক্ষ্য।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au