বাংলাদেশ

অসুস্থ মাকে দেখতে প্যারোলও মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের

  • 6:03 am - September 10, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
কারাগারে ছেলে, হাসপাতালে চিন্ময় কৃষ্ণ দাসের মা, শেষ দেখা নিয়ে অনিশ্চয়তা। ছবিঃ ওটিএন বাংলা

চট্টগ্রামে কারাগারে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদনও নাকচ করা হয়েছে। ৭১ বছর বয়সী তাঁর মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত শনিবার তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

মায়ের এই সংকটাপন্ন অবস্থায় একবার ছেলেকে চোখের সামনে দেখতে চান সন্ধ্যারানি ধর। তাঁর এই ইচ্ছা পূরণে চিন্ময় কৃষ্ণ দাসকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়ার আবেদন করেছিল পরিবার। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক ও কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেই আবেদন মৌখিকভাবে নাকচ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের দাদা রঞ্জন কুমার ধর জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ তাঁর মা এখন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের শেষ ইচ্ছাগুলোর একটি হলো, জীবিত অবস্থায় একবার ছেলেকে নিজের চোখে দেখা।

রঞ্জন কুমার ধর বলেন, ‘মা চিন্ময়কে একবার হলেও নিজের চোখে দেখতে চেয়েছেন। বেশ কয়েকবার বলেছেন। তাঁর এই ইচ্ছা পূরণ করতেই আমরা চিন্ময়কে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে প্যারোলে মুক্তির সুযোগ নেই।’

প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির কোনো বিধান নেই। পরিবারের কোনো সদস্য মারা গেলে প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। গত ৮ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে গিয়ে তিনি সন্ধ্যারানি ধরকে দেখেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি অথবা অন্তত প্যারোলে মুক্তি দেওয়ার দাবি জানান।

কুশল বরণ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাসের মা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর ছেলেকে অন্তত সাময়িকভাবে প্যারোলে মুক্তি দিয়ে মা-ছেলের দেখা করার সুযোগ দেওয়া উচিত।

সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, চিন্ময়ের মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ছেলে’ সম্বোধন করে তাঁর কাছে আকুতি জানিয়েছেন, জীবিত অবস্থায় যেন একবার ছেলেকে দেখতে পারেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে কুশল বরণ চক্রবর্তী বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে হলেও চিন্ময় কৃষ্ণ দাসকে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া প্রয়োজন।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার মা। ছবিঃ সংগৃহীত

পরিবারের সদস্যদের ভাষ্য, ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকেই সন্ধ্যারানি ধর গভীর উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। চিন্ময় অসুস্থ হওয়ার খবর পেলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটত বলে পরিবারের সদস্যরা জানান। ছেলের জামিনের শুনানিকে কেন্দ্র করে প্রতিবারই তাঁর মধ্যে নতুন আশার সৃষ্টি হতো। কিন্তু জামিন না হওয়ায় সেই আশা বারবার ভেঙে যায়।

দীর্ঘদিনের মানসিক চাপের পাশাপাশি শারীরিক অসুস্থতাও বাড়তে থাকে তাঁর।

পরিবার জানায়, গত ১ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যারানি ধরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁর হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দেয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চিন্ময় কৃষ্ণ দাস সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে চারটি মামলায় হাইকোর্ট থেকে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তবে তিনি এখনো কারাগারে রয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাবন্দিত্ব নিয়ে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

এখন তাঁর মায়ের গুরুতর অসুস্থতার মধ্যে প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পরিবারের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি বা মামলার বিষয়ে ছাড় দেওয়ার আবেদন নয়, বরং মুমূর্ষু মায়ের সঙ্গে ছেলের একবার দেখা করার মানবিক সুযোগ চাওয়া হয়েছে।

তবে প্রশাসনের বক্তব্য অনুযায়ী, শুধু অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির বিধান নেই। পরিবারের সদস্যের মৃত্যুর ক্ষেত্রে প্যারোলের সুযোগ রয়েছে বলে তাদের জানানো হয়েছে।

ফলে হাসপাতালের শয্যায় থাকা মায়ের একবার ছেলেকে দেখার আকাঙ্ক্ষা পূরণ হবে কি না, তা এখনো অনিশ্চিত। পরিবারের পক্ষ থেকে মানবিক বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্তত সাময়িকভাবে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন গ্রহণ করা হয়নি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au