অস্ট্রেলিয়া

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

  • 10:05 pm - September 10, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
আহমাদ হ্রাইচি এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন। ছবি: সংগৃহীত

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক কিশোরী ও ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

‘মুসলিম আন্ডারটেকার’ নামে পরিচিত আহমাদ হরাইচি গত এক সপ্তাহে ওই দুই শিশুর দাফন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। এসব ভিডিওতে তিনি শিশুদের মৃত্যু নিয়ে কথা বলার পাশাপাশি বুলিংয়ের বিরুদ্ধে পরিবার ও কমিউনিটি নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

১২ বছর বয়সী কিশোরীর দাফনে যাওয়ার পথে ধারণ করা এক ভিডিওতে কান্নায় ভেঙে পড়েন হরাইচি। তিনি বলেন, ‘সবচেয়ে ছোট কফিনগুলোই সবচেয়ে ভারী কফিন।’

শিশু দুটির মরদেহ মর্গে তাদের বাবাদের শোক করতে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পরে সেই সন্তানদের কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করতে হয়েছে বলেও জানান।

১৫ বছর বয়সী কিশোরটির মৃত্যুর পর হরাইচি বলেন, ‘১৫ বছর বয়সী একজন যখন মনে করে যে বেঁচে থাকার কোনো মূল্য নেই, তখন বুঝতে হবে আমাদের কমিউনিটি ও সমাজে বড় ধরনের সমস্যা রয়েছে।’

মি. হ্রাইচি এক সপ্তাহের মধ্যে পরপর দুটি মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন। ছবি: সংগৃহীত

তিনি প্রশ্ন তোলেন, ‘কী হচ্ছে? বাবা-মায়েরা কোথায়?’

তাঁর ভাষ্য, অনেকেই সামাজিক প্রতিযোগিতা ও জীবনযাপনের ব্যস্ততায় এতটাই ডুবে আছেন যে সন্তানদের মানসিক অবস্থার দিকে নজর দেওয়ার সময় পাচ্ছেন না। তবে এর কোনো অজুহাত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে পৃথক ঘটনায় শিশু দুটির মৃত্যু হয়। তাদের পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যমটি। এ ঘটনায় সিডনির স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

১২ বছর বয়সী এক কিশোরীরও মর্মান্তিক পরিস্থিতিতে মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

১২ বছর বয়সী কিশোরীটির সঙ্গে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মেরিল্যান্ডস জুনিয়র রাগবি ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে জানায়, সে শুধু দলের জার্সি পরা আরেকজন খেলোয়াড় ছিল না, সে ছিল তাদের পরিবারেরই একজন।

অন্যদিকে ১৫ বছর বয়সী কিশোরটির শেষকৃত্যের ঘোষণা দেওয়া এক পোস্টে বলা হয়, ‘বুলিংয়ের নিষ্ঠুরতা সহ্য করার পর’ তার মৃত্যু হয়েছে।

হরাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ১৫ বছর বয়সে ওই কিশোরের জীবন উপভোগ করার, ভবিষ্যতের স্বপ্ন দেখার এবং নিরাপদ বোধ করার কথা ছিল। অথচ এখন তার বাবা একমাত্র ছেলেকে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

দুই শিশুর মৃত্যু তাঁকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে জানিয়ে হরাইচি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনার ৩০ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি।

আহমাদ হ্রাইচি বুলিংয়ের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। ছবি: সংগৃহীত

তিনি বলেন, এসব মৃত্যু হয়তো ঠেকানো সম্ভব ছিল। সময়মতো উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাই বুলিংয়ের বিরুদ্ধে প্রতিটি কমিউনিটি নেতাকে কথা বলার আহ্বান জানান তিনি।

হরাইচির ভাষায়, ‘মাত্র এক সপ্তাহে আমাদের কমিউনিটিতেই ১২ ও ১৫ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ বছর ধরে শেষকৃত্যের কাজ করছি, এমন ঘটনা আগে কখনো দেখিনি।’

অস্ট্রেলিয়ায় তরুণদের আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। দুই বছর আগে ১২ বছর বয়সী শার্লট ও’ব্রায়েনের মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর শার্লট ও’ব্রায়েনের মৃত্যু পুরো অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ছবি: সংগৃহীত

শার্লটের পরিবার তরুণদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে যে প্রচারণা চালায়, তা ২০২৫ সালের শেষ দিকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা প্রণয়নে রাজনৈতিক সমর্থন তৈরিতে ভূমিকা রাখে।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মোট মৃত্যুর ৩১ দশমিক ৮ শতাংশই ছিল আত্মহত্যাজনিত মৃত্যু। ১৫ থেকে ২৪ বছর বয়সী অস্ট্রেলীয়দের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি ছিল আত্মহত্যা।

বুলিং বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হরাইচি বলেন, তরুণদের মানসিক সুস্থতা রক্ষায় সমাজের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।

১২ বছর বয়সী কিশোরীর মৃত্যুর পর তিনি বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে আমাদের সবার অংশ নেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই একটি জীবন বাঁচানোর সক্ষমতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যখন ১২ বছর বয়সী কোনো শিশুকে দাফন করতে হয়, যে মনে করেছে তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, তখন বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে।’

সূত্র:নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম কর্মসূচি সম্প্রসারিত, আওতায় ১,০৩৯ গ্রাম পরিষদ

ভারতের মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম (Tobacco-Free Village) কর্মসূচি দ্বিতীয় বছরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। রাজ্যের ইস্ট খাসি হিলস ও ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার ১ হাজার ২৯৫টি গ্রাম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au