চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার মা। ছবিঃ সংগৃহীত
মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এবার মায়ের শেষযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ-সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
জেলা ম্যাজিস্ট্রেটের সই করা আদেশের একটি কপি ওটিএন বাংলার হাতে এসেছে। আদেশে বলা হয়েছে, কোতোয়ালি থানার মামলা নম্বর ৫২(১০)২৪-এর হাজতি আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসের মা বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর পারলৌকিক কার্যক্রম বা সৎকার বৃহস্পতিবার বেলা ৩টায় হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মায়ের সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তাঁর ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময়কে মুক্তির সময় থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।
আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রামের প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আদেশ নিশ্চিত হয়েছে। আদেশের কপি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তাঁকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।
তিনি জানান, চিন্ময়ের মা সন্ধ্যা রানি ধরের মরদেহ বর্তমানে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরে রাখা হয়েছে। সেখানে এরই মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম কারাগার সূত্র জানিয়েছে, প্যারোলে মুক্তির পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সরাসরি হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হবে। তাঁর মায়ের মরদেহও সেখানে রাখা হয়েছে। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর প্যারোলের নির্ধারিত সময় শেষ হলে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
চিন্ময় কৃষ্ণ দাসের শৈশব ও পারিবারিক স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পুণ্ডরীক ধাম। সেই স্থানেই এবার কারাবন্দী অবস্থায় থাকা চিন্ময় শেষবারের মতো মায়ের মরদেহের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও অনুসারীদের উপস্থিতিতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুণ্ডরীক ধামে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের ভিড় বাড়তে থাকে। শেষকৃত্য ঘিরে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী সন্ধ্যা রানি ধর মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতাও ছিল তাঁর। ছেলে চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দী হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থারও অবনতি হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলের মুক্তির জন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে সন্ধ্যা রানি ধর ঢাকায়ও গিয়েছিলেন। তবে কোনো ইতিবাচক ফল না পেয়ে চট্টগ্রামে ফিরে আসার পর তিনি আরও ভেঙে পড়েন। পরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে পুণ্ডরীক ধামে রেখে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় আদালত-সংলগ্ন পাথরঘাটা বান্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন নির্ধারিত সময়ের মধ্যে পুণ্ডরীক ধামে গিয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে আবার কারাগারে ফিরতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে।