চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের মুন্সী সর্দার বাড়ির সামনে পিয়াসের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে পিয়াসের মরদেহ মাইজদী শহীদ বুলু স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখানোর পর জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়।
পিয়াসের জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত আবু বকর সিদ্দিক পিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। চার বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের পিয়াস সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।
২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন পিয়াস। ২০২৩ সালে বিয়ে করেন তিনি। স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে থাকতেন।
প্রশিক্ষণের মাঠে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পিয়াসের বাবা আব্দুল ওয়াহাব ও মা। স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ তার স্ত্রীও। মাত্র ১৮ মাস বয়সী মেয়েটি এখন বাবাকে ছাড়াই বড় হবে।
স্বজনেরা জানান, পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের স্বপ্ন ছিল পিয়াসের। মা-বাবা, স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের হাতে সুন্দর একটি ঘর গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই দেশের সেবায় নিয়োজিত অবস্থায় তাকে চলে যেতে হলো না ফেরার দেশে।
পিয়াসের বন্ধু আকরাম বলেন, “পিয়াস শুধু আমার বন্ধু ছিল না, সে ছিল আমার ভাইয়ের মতো। সব সময় হাসিমুখে থাকত। কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি। দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে চলে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওর ছোট মেয়েটার মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়।”
পিয়াসের চাচাতো ভাই হারুন বলেন, “পিয়াস ছিল আমাদের পরিবারের সবার আদরের মানুষ। চার বোনের একমাত্র ভাই হওয়ায় সবার কাছেই সে খুব প্রিয় ছিল। পরিবারকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। বিশেষ করে স্ত্রী-সন্তান ও মা-বাবাকে ভালোভাবে রাখার জন্য সে সব সময় চিন্তা করত। কিন্তু এত অল্প বয়সে এভাবে চলে যাবে, সেটা আমরা কেউ কল্পনাও করিনি।”
পিয়াসের ভগ্নিপতি আবু সাঈদ বলেন, “পিয়াস ছোটবেলা থেকেই শান্ত ও সহজ-সরল স্বভাবের ছিল। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। অমায়িক ব্যবহারের কারণে সে সবার কাছে খুব প্রিয় ছিল।”
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে পিয়াসের পরিবার। তার স্ত্রী, ছোট্ট সন্তান, মা-বাবা ও স্বজনদের জীবনে নেমে এসেছে গভীর শূন্যতা।
পিয়াসের বাবা আব্দুল ওয়াহাব বলেন, “ছেলেটার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই ছেলের লাশ আমার কাঁধে। আমার সব শেষ হয়ে গেছে। সংসারের কষ্ট দূর করার অনেক স্বপ্ন ছিল তার। পাকা ঘর আর হলো না, তার আগেই আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। এখন ঘর দিয়ে কী হবে, আমার ছেলেটাই তো আর নেই।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au