নওগাঁয় ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম…
লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার শহরের উত্তর তেমুহনী এলাকার মৃত ধনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পেট্রোলের বোতল নিয়ে উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে ঢোকেন দেলোয়ার। এ সময় তিনি দোকানের মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে শাহেদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
শাহেদ আলম ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার পাশে বসে থাকা স্থানীয় ব্যবসায়ী কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে কৃষ্ণকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে আশপাশের লোকজন শাহেদকে উদ্ধারে এগিয়ে এলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় ব্যবসায়ী শাহেদ আলম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় দেলোয়ারকে প্রধান আসামি এবং শাকিল ও মুন্নাকে অন্য আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি চাঁদা দাবি ও ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মামলার প্রধান আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au