বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম বদলে দিচ্ছে শৈশব, বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • 2:17 pm - September 30, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে এক মা তার অসুস্থ সন্তানকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখাচ্ছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপ্রতিম সঙ্গে কয়েকজন বয়স্ক তরুণের যোগাযোগ, একটি আইফোন, ৫ হাজার টাকার দেনা এবং টিকটক ভিডিও বানানোর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেওয়ার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। তবে এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা।

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি অবশ্য নতুন নয়। গত জুলাইয়ে ফেনীতে ছয় বছরের এক শিশুকে হয়রানির ঘটনা ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বরেও কুমিল্লায় ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচিত এক তরুণের সঙ্গে দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠে।

এসব ঘটনার জন্য সরাসরি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করা যায় না। তবে ঘটনাগুলো দেখিয়ে দেয়, অনলাইনে শিশু-কিশোরদের যোগাযোগ ও পরিচয় কখনো কখনো বাস্তব জীবনেও তাদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।

বিভিন্ন দেশে বয়সসীমা

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি কমাতে কয়েকটি দেশ ইতিমধ্যে বয়সসীমা নির্ধারণ করেছে বা এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বিভিন্ন ধরনের বিধিনিষেধ চালু হয়েছে। যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।

অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা বা চালু রাখার ওপর বিধিনিষেধ কার্যকর হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, স্ন্যাপচ্যাট, টিকটক, টুইচ, এক্স ও ইউটিউবসহ নির্দিষ্ট প্ল্যাটফর্মগুলোকে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট ঠেকাতে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে হচ্ছে।

তবে এই নিয়ম ভাঙলে শিশু বা তাদের বাবা-মাকে জরিমানা করা হয় না। মূল দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর।

ইন্দোনেশিয়ায় ২০২৬ সালের মার্চে একই ধরনের বিধিনিষেধ চালু হয়। মালয়েশিয়ায় ১ জুন থেকে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা হয়েছে।

বাংলাদেশে পরিস্থিতি কী

বাংলাদেশে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট ১৬ বছরের ন্যূনতম বয়সসীমা নেই।

তবে ২০২৬ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইনে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী বয়স যাচাইয়ের ব্যবস্থা রাখার বিধান রয়েছে। এসব ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, তা বিধিমালার মাধ্যমে নির্ধারণ করার কথা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম বলেন, শুধু বয়সসীমা নির্ধারণ করলেই অনলাইন ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব নয়।

তার মতে, নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ কিছু ঝুঁকি কমাতে পারে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে। শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বাবা-মাকেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিতে হবে।

তরুণদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের U-Report জরিপে প্রায় ২৯ হাজার শিশু ও তরুণ অংশ নেয়। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য মানসিক চাপের সবচেয়ে বড় কারণ।

প্রায় প্রতি সাতজনের একজন বুলিং ও নেতিবাচক মন্তব্যকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। একই অনুপাতে উত্তরদাতা ক্ষতিকর বা মানসিকভাবে অস্বস্তিকর কনটেন্টকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

জরিপে ৫২ শতাংশ উত্তরদাতা বুলিং ও ঘৃণাত্মক বক্তব্যের মতো ক্ষতিকর আচরণের বিরুদ্ধে নিয়মকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। ৭৯ শতাংশ মনে করেছে, এসব নিয়ম শিথিল করা হলে ঝুঁকিপূর্ণ ও দুর্বল জনগোষ্ঠী আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারে।

বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরাও ক্রমেই বেশি ডিজিটাল পরিবেশে বেড়ে উঠছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, দেশের ৭২ দশমিক ১ শতাংশ পরিবারের বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে।

বিবিএসের ২০২৪-২৫ সালের আইসিটি অ্যাক্সেস অ্যান্ড ইউজ বাই হাউসহোল্ডস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। শহরাঞ্চলে এই হার ৭৫ দশমিক ৭ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৪৩ দশমিক ৬ শতাংশ। তবে শিশুদের ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট তথ্য এই জরিপে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ঝুঁকি

২০২৫ সালে BMJ Open-এ প্রকাশিত একটি গবেষণায় বাংলাদেশের শহর ও গ্রামের চারটি স্কুলের ১৩ থেকে ১৮ বছর বয়সী ৪৫৬ শিক্ষার্থীকে নিয়ে জরিপ করা হয়। এতে প্রায় ৮৮ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে বলে জানা যায়। ৮৪ শতাংশের ক্ষেত্রে ইন্টারনেটে প্রবেশের প্রধান মাধ্যম ছিল মোবাইল ফোন।

তবে গবেষণাটি জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্ব করে না।

বিশ্বজুড়েও তরুণদের মধ্যে ইন্টারনেট ব্যবহার ব্যাপক। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের ৮২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। অন্য বয়সীদের মধ্যে এই হার ৭২ শতাংশ।

অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের আচরণবিষয়ক এক গবেষণায় ৪৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২ লাখ ৮০ হাজার ১১, ১৩ ও ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীর তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, সমস্যাজনক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার ২০১৮ সালের ৭ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ১১ শতাংশে দাঁড়িয়েছে। মেয়েদের মধ্যে এই হার ১৩ শতাংশ এবং ছেলেদের মধ্যে ৯ শতাংশ।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. বুলবুল আহমেদ খান বলেন, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জে অংশ নেওয়া কিংবা ক্ষতিকর কনটেন্টের প্রভাবের দীর্ঘমেয়াদি পরিণতি সবসময় প্রাপ্তবয়স্কদের মতো করে মূল্যায়ন করতে পারে না কিশোর-কিশোরীরা।

কারণ, ঝুঁকি মূল্যায়ন, আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কিছু অংশ তখনো পুরোপুরি বিকশিত হয় না।

তার মতে, নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুদের অনলাইন অভিজ্ঞতায় বয়স উপযোগী সুরক্ষা ও প্রাপ্তবয়স্কদের দিকনির্দেশনা প্রয়োজন। তবে শুধু নিষেধাজ্ঞা বা বয়সসীমা নির্ধারণ করলেই সমস্যার সমাধান হবে না। পরিবারের মধ্যে খোলামেলা যোগাযোগ, ডিজিটাল দক্ষতা, অনলাইন ঝুঁকি শনাক্ত করার সক্ষমতা এবং প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য সহায়তাও নিশ্চিত করতে হবে।

বাবা-মায়ের উদ্বেগ

ঢাকার আজিমপুরের বাসিন্দা বেলায়েত হোসেন জানান, তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া সন্তান পড়াশোনা ও যোগাযোগের জন্য মোবাইল ফোন ব্যবহার করে। তবে সন্তান অনলাইনে কী করছে এবং কার সঙ্গে যোগাযোগ করছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

তার মতে, শুধু সন্তানের কাছ থেকে ফোন কেড়ে নিলে সমস্যার সমাধান হবে না। তাই সন্তান যেন অনলাইনে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা কোনো সমস্যায় পড়লে পরিবারের কাছে সহজে বলতে পারে, সে জন্য তিনি খোলামেলা যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেন।

তার মতে, শিশুদের নিরাপত্তার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকেও আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

বয়স যাচাইয়ে নতুন গোপনীয়তা ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়সসীমা কার্যকর করতে গিয়ে আরেকটি প্রশ্ন সামনে আসে, বয়স যাচাই হবে কীভাবে।

অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম বলেন, প্রতিটি প্ল্যাটফর্মে শিশুদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা অন্যান্য ব্যক্তিগত তথ্য জমা দিতে বাধ্য করা হলে নতুন ধরনের গোপনীয়তা ঝুঁকি তৈরি হতে পারে।

তাই বয়সসীমার পাশাপাশি তথ্য সংগ্রহের পরিমাণ কমানো, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং স্বাধীন নজরদারি নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়াতেও বয়স যাচাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশটির ই-সেফটি কমিশনারের তথ্য অনুযায়ী, বয়স যাচাইয়ের পদ্ধতিতে গোপনীয়তা সুরক্ষার বিষয়টি মানতে হয় এবং ব্যবহারকারীদের সরকারি পরিচয়পত্র দিতে বাধ্য করা হয় না।

নতুন বিভিন্ন নিয়ন্ত্রক ব্যবস্থায় শিশুদের নিরাপত্তার দায়িত্ব শুধু শিশু ও তাদের বাবা-মায়ের ওপর না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপরও দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবহারকারীর বয়স যাচাই, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ, অনলাইন গ্রুমিং ঠেকানো এবং শিশুদের অ্যাকাউন্ট সুরক্ষায় প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব কতটা হবে, সেই প্রশ্নও সামনে এসেছে।

ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি সরকারও স্বীকার করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম গত আগস্টে বলেন, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং তরুণদের ডিজিটাল ঝুঁকি থেকে সুরক্ষায় সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করছে।

এর আগে জুলাইয়ে সংসদে তিনি জানিয়েছিলেন, ইউটিউব ও টিকটকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া আরও কার্যকর করতে সাইবার নিরাপত্তা আইনে সংশোধনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অর্গানাইজেশন-৩ শাখার প্রশাসনিক কর্মকর্তা চায়না আক্তার বলেন, শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বয়স উপযোগী সুরক্ষা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং বয়স যাচাইয়ের মতো ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার।

তার মতে, শুধু নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করলেই অনলাইন ঝুঁকি কমবে না। কার্যকর বয়স যাচাই, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দায়িত্বশীল আচরণও প্রয়োজন।

সুরক্ষা ও সুযোগের মধ্যে ভারসাম্য

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী সদস্য ইমতিয়াজ বিন হাফিজ বলেন, শিশুদের শুধু নির্দিষ্ট অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিলেই অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়।

তার মতে, শিশুদের অংশগ্রহণ ও ব্যবহার থেকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বাণিজ্যিকভাবেও লাভবান হয়। তাই শিশুদের নিরাপত্তার দায়িত্ব শুধু শিশু ও পরিবারের ওপর থাকা উচিত নয়। প্ল্যাটফর্মগুলোকে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ‘চাইল্ড সেফটি বাই ডিজাইন’ নিশ্চিত করতে হবে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম শিশু-কিশোরদের জন্য শিক্ষার সুযোগ, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি, সৃজনশীলতা এবং সামাজিক অংশগ্রহণের নতুন পথও তৈরি করেছে। ইউনিসেফও জানিয়েছে, ডিজিটাল প্রযুক্তি শিশুদের শেখা, খেলাধুলা ও যোগাযোগে সহায়তা করতে পারে। একই সঙ্গে নিরাপদভাবে ডিজিটাল জগৎ ব্যবহারের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

কুমিল্লায় অপরতিম হত্যার ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশু-কিশোরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের প্রভাবিত করা সম্ভব। তবে অপরতিমকে হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো তদন্তাধীন।

এই শাখার আরও খবর

আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারেক আহমেদ সিদ্দিককে দুদকের তলব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি…

মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ, শিক্ষক আটক

ময়মনসিংহের নান্দাইলে ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে…

লেগোর ১১ হাজার ৬৯৫ টুকরোয় পৃথিবীর মানচিত্র, বিশ্ব রেকর্ড দুই বন্ধুর

লেগোর ছোট ছোট ১১ হাজার ৬৯৫টি টুকরো জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু। পুরো কাজটি শেষ করতে তাদের সময়…

প্যারিসের ফ্যাশন শোয়ে রাজকীয় সাজে ঐশ্বরিয়া রাই

প্যারিসের জমকালো এক ফ্যাশন শোয়ের মঞ্চে রাজকীয় সাজে হাজির হয়ে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোরম পটভূমিতে আয়োজিত…

বালোচ বিদ্রোহী গোষ্ঠীর নারী শাখার হামলায় ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি

পাকিস্তানের বালোচিস্তানে সেনাবাহিনীর একটি কনভয়ে হামলার দাবি করেছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির দাবি, তাদের সদ্য গঠিত নারী শাখা ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কেএডি) এই…

নিউ সাউথ ওয়েলসে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী ও স্বজনকে হত্যার অভিযোগ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) উত্তরাঞ্চলের একটি বাড়িতে কয়েক সপ্তাহের ব্যবধানে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত দুজনের একজন ৭৯ বছর বয়সী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au