বাংলাদেশ

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

  • 9:12 pm - October 06, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
প্রতীকী চিত্র। ছবি : সংগৃহীত

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য বলছে, গত ২০ মাসে বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনায় অন্তত ৬৪৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বহু শিশু।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শিশু অধিকার দিবস পালিত হচ্ছে। দিবসটির সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ‘বিশ্ব শিশু সপ্তাহ’। এবারের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। তবে শিশুদের ওপর ধারাবাহিক সহিংসতার ঘটনায় সেই সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ১ হাজার ৮৯০ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এ সময়ে ৫৮০ শিশু ধর্ষণ এবং ৩১৮ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। নির্যাতনের ঘটনায় মারা গেছে ৪৮৩ শিশু। আর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২০ মাসে বিভিন্ন ধরনের নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অন্তত ৬৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের প্রথম চার মাসেও শিশু নির্যাতনের চিত্র ছিল উদ্বেগজনক। এ সময়ে ৫১৯ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩২৪ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এবং ১৯৫ শিশুর মৃত্যু হয়েছে বলে এইচআরএসএসের তথ্য থেকে জানা যায়।

শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনাও কমেনি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ১৪৭ শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ সময়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে। জুন মাসে ২৯১ শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ৭৯ জন ধর্ষণের শিকার হন। তাদের মধ্যে ৪৬ জনই শিশু। জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করেছে এইচআরএসএস। সংস্থাটির সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত ঘটনা আরও বেশি হতে পারে।

শিশু নির্যাতনের অনেক ঘটনা প্রকাশ্যে আসে না। সামাজিক মর্যাদা, লোকলজ্জা, আর্থিক অসচ্ছলতা কিংবা সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনেক পরিবার ঘটনা গোপন রাখে। ফলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরেও শিশু নির্যাতনের বহু ঘটনা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শিশু অধিকারকর্মীরা বলছেন, প্রযুক্তির আসক্তি, অভিভাবকদের কর্মব্যস্ততা, যৌথ পরিবার কমে যাওয়া, সচেতনতার ঘাটতি এবং একশ্রেণির মানুষের অপরাধপ্রবণতা শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবার ও স্বজনদের মধ্যেও শিশুরা নিরাপদ থাকছে না।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুদের অনেক পরিবার সামাজিক ও আর্থিকভাবে দুর্বল। ধর্ষণের মতো ঘটনা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক পরিবার চেপে যায়। রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক নানা কারণে শিশুদের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে।

তিনি বলেন, শিশুরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়ায় অপরাধীরা তাদের সহজ লক্ষ্য হিসেবে বেছে নেয়। ঘটনার পর বিচারের দীর্ঘসূত্রতাও শিশুদের ওপর সহিংসতা ও নির্যাতন বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, শিশুদের সুরক্ষায় সংবিধান, শিশু আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুস্পষ্ট বিধান রয়েছে। এরপরও নির্যাতনের ঘটনা অব্যাহত থাকা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

তিনি বলেন, শুধু আইন থাকলেই হবে না; দ্রুত তদন্ত, সময়মতো বিচার, ভুক্তভোগীর সুরক্ষা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ১৮ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের শিশু হিসেবে গণ্য করা হয়। তাই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এই শাখার আরও খবর

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au