রাজধানীর দুই স্কুলের ফটকে ঝুলছে বোমা!
রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে বোমাসদৃশ বস্তু ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে একদল যুবক এসে স্কুল দুটির ফটকে এসব বস্তু…
ভাস্কর দত্ত :
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটকে তৎপর হয়ে উঠেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একের পর এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন তিনি। তবে এসব আটকের আইনি ভিত্তি, ব্যক্তিগত উদ্যোগে ধরপাকড় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা সরাসরি প্রচার নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন সম্প্রতি রাজধানীতে একাধিক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। এসব ঘটনায় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেন নয়নের নেতৃত্বাধীন নেতাকর্মীরা। পরে তাঁকে পল্টন থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মহিউদ্দিন আহমেদ রুদ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী।
রুদ্রকে আটক থেকে থানায় নেওয়ার পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। থানায় পৌঁছে নয়ন ওসিকে উদ্দেশ করে বলেন, ‘ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন।’
এ সময় নয়ন অভিযোগ করেন, রুদ্র বিভিন্ন নাশকতার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আদালত থেকে জামিন করাতে সহায়তা করেন। এখন তিনি নিজে কত দিনে বের হন, সেটি দেখতে চান বলেও মন্তব্য করেন।
তবে রাত ১টার দিকে পল্টন থানার ওসি জানিয়েছিলেন, তাঁকে কয়েকজন ব্যক্তি থানায় দিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তী সময়ে অবশ্য রুদ্রের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. বেল্লালকে হত্যাচেষ্টার মামলায় সম্পৃক্ততার তথ্য সামনে আসে। শনিবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। ছবি : সংগৃহীত
একের পর এক আটক, বাড়ছে বিতর্ক
এদিকে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুরে এস এম বাবু নামে আরেক ব্যক্তিকে নয়নের অনুসারী বিএনপির কয়েকজন নেতাকর্মী আটক করে থানায় সোপর্দ করেন। মোহাম্মদপুর থানার এসআই জাহেদুল ইসলাম কবির জানান, প্রাথমিকভাবে বাবু আওয়ামী লীগের একজন নেতা বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধেও কোনো মামলা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এসব ঘটনায় যুবদল নেতা নয়নকে হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নয়ন মনে রাখিস, এক মাঘে শীত যায় না। ঢাকা শহরে একদিন তুই প্যান্ট নিয়েও পালাতে পারবি না।’
রবিউল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। চলতি বছরের ৪ জুন ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হন। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন
রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি এবং সাংগঠনিক প্রভাব—কোনটি নয়নকে এমন তৎপরতায় উৎসাহিত করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে তাঁর সাংগঠনিক অবস্থান কি তাঁকে বাড়তি সাহস জোগাচ্ছে? নাকি রাজধানীতে দলীয় নেতাকর্মীদের ওপর তাঁর বিশেষ প্রভাব রয়েছে?
পুলিশের কাছে ব্যক্তিদের সোপর্দ করার পাশাপাশি আটকের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারও করছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, আইন প্রয়োগের দায়িত্ব যেখানে পুলিশের, সেখানে একজন রাজনৈতিক নেতা কীভাবে এমন আটক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন? তাঁর এই তৎপরতার বিষয়ে দলীয় হাইকমান্ডের অবস্থান কী, সেটিও এখন আলোচনার বিষয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au