কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…
ওটিএন বাংলা রিপোর্ট :
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু পদত্যাগ করেছেন বলে গুঞ্জন চলছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে মিডিয়াপাড়ায় এ গুঞ্জন চাউর হয়েছে। স্থানীয় বিএনপির একটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি এখনো প্রকাশ্যে কোন ঘোষণা দেননি।
এ ব্যাপারে তার পরিবারের একটি সূত্র জানায়, এমপি বরকতউল্লা বুলু বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি।
পদত্যাগের তথ্যের বিষয়ে নিশ্চিত হতে নোয়াখালীর বেগমগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তারাও এমন খবর শুনেছেন। খবর শুনে বরকতউল্লা বুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন ধরেননি।
এদিকে গত ১৭ নভেম্বর ও আজ ১৮ নভেম্বর একনাগাড়ে ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) তাঁর পদত্যাগের খবর প্রচার করছেন বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক গ্রুপের সদস্যরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টে দাবি করা হচ্ছে, সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন বরকতউল্লা বুলু। ওটিএন বাংলার পক্ষ থেকেও তার পদত্যাগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই চলছে।
বরকতউল্লা বুলু বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ১৯৫৬ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুর রহমান। বটতলী বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন তিনি। ১৯৮০ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে শামীম আক্তার লাকীকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে রয়েছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত বরকতউল্লা বুলু ১৯৮৯ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন। তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে এবং ২০০৮ সালে নোয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, এর আগে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের সূত্র নিশ্চিত করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au