কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয়ে ভাঙচুর করেন এবং কার্যালয়ের সামনের অংশে অগ্নিসংযোগ করেন।
একই সময়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা ব্যাংকের ভেতরে থাকা বিভিন্ন কাগজপত্রে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ ছাড়া আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়।
তবে গ্রামীণ ব্যাংকের শাখায় ক্ষয়ক্ষতির পরিমাণ, কী পরিমাণ কাগজপত্র পুড়েছে এবং দোকানগুলোতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, হামলার পেছনে কারা জড়িত এবং অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।