কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় কম্পিউটার নেটওয়ার্ক ‘এনএসএনেট’ অচল হয়ে পড়েছে। এ ঘটনায় সংস্থাটির অধিকাংশ কর্মীর জন্য সদর দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের দিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেটওয়ার্ক অচল হওয়ার পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেটওয়ার্কটি সচল করার কাজ চলার মধ্যে মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি সীমিত করা হয়। সংস্থার কর্মীদের জন্য রাখা একটি ভয়েসমেইল বার্তা এবং এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এনএসএনেটের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। নেটওয়ার্কটি অচল হয়ে পড়ায় সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ও তথ্য প্রক্রিয়াকরণের কাজে বিঘ্ন ঘটেছে। তবে জরুরি গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে এনএসএ।
সফটওয়্যার হালনাগাদ থেকে বিপর্যয়
মঙ্গলবার বিকেলে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে শনাক্ত হওয়া একটি বড় ধরনের সফটওয়্যার দুর্বলতা দূর করতে নতুন হালনাগাদ বা আপডেট প্রয়োগের পর এ সমস্যা দেখা দেয়।
ফক্স বিজনেসকে ক্লেটন বলেন, সফটওয়্যারের দুর্বলতা দূর করতে যে সংশোধনী বা প্যাচ প্রয়োগ করা হচ্ছিল, সেটি ইনস্টল করার পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী পুনরায় চালু হয়নি। এনএসএর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
তিনি জানান, পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষায় পাওয়া নিরাপত্তাগত দুর্বলতা দূর করার জন্য এসব হালনাগাদ করা হচ্ছিল। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এ প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে গবেষকেরা পিএইচপির এসব দুর্বলতা শনাক্ত করেন। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বড় প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ত্রুটি দূর করতে তৎপর হয়ে ওঠে। এনএসএ নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানিয়েছিল।
এসব দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকা কম্পিউটারের মেমোরি থেকে তথ্য সংগ্রহ করতে পারত। তবে এনএসএর বর্তমান নেটওয়ার্ক বিপর্যয় কোনো সাইবার হামলার কারণে ঘটেছে, এমন লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জে ক্লেটন।
কর্মীদের উপস্থিতিতে একাধিকবার পরিবর্তন
নেটওয়ার্ক সচল করার কাজ চলার সময় মঙ্গলবার এনএসএ কর্মীদের উপস্থিতি নিয়ে কয়েক দফা নির্দেশনা পরিবর্তন করা হয়। সকালে কর্মীদের জন্য রাখা ভয়েসমেইল বার্তায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়। ফোর্ট মিডে সংস্থার সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণের তিনটি প্রধান সতর্কতার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্তর।
ওই বার্তায় জরুরি নয় এমন কর্মীদের ধাপে ধাপে অফিসে আসতে এবং জরুরি দায়িত্বে থাকা কর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে বলা হয়েছিল। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে।
মঙ্গলবার সন্ধ্যায় সতর্কতা কমিয়ে ‘কোড গ্রিন’ করা হয় এবং কর্মীদের নিয়মিত সময়সূচি অনুযায়ী কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে ধারণা করা হয়েছিল, পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু রাতের দিকে আবার সতর্কতা বাড়িয়ে ‘কোড অরেঞ্জ’ জারি করা হয়। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিকাংশ কর্মীর জন্য সদর দপ্তর বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্ক পুনরুদ্ধারের কাজ চললেও মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তা পুরোপুরি শেষ হয়নি।
প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগে বিকল্প ব্যবস্থা
এনএসএর নেটওয়ার্ক অচল হয়ে পড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তা।
তাঁদের ভাষ্য, যুক্তরাষ্ট্র সরকারের হাতে একাধিক বিকল্প ও ব্যাকআপ যোগাযোগব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব। ঘটনার সময় ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে এশিয়া সফরে ছিলেন। তিনি তখন ফিলিপাইনে অবস্থান করছিলেন এবং পরে চীন সফরে যাওয়ার কথা ছিল।
এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, এনএসএনেট আসলে অনেকগুলো নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। এতে পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা থাকায় পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ ধরনের সমস্যা তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির কাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে সর্বোচ্চ অগ্রাধিকারের গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা সংস্থাটির রয়েছে।
উল্লেখ্য, এনএসএর অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে এর আগেও বড় ধরনের বিপর্যয় ঘটেছে। সংস্থাটির তৎকালীন এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, ২০০০ সালে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থার কম্পিউটারগুলো প্রায় তিন দিন অচল ছিল। এতে ফোর্ট মিডে গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণের কাজ ব্যাহত হয়েছিল।
এবারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান সংস্থা ও বড় প্রতিষ্ঠানে একাধিক প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার দেশজুড়ে একটি বড় সিস্টেম বিপর্যয়ের কারণে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au