বাংলাদেশ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

  • 4:56 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
নৌকাডুবির পর এই সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া (সবুজ বৃত্তে) দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছেছেন। বাকিরা এখনো নিখোঁজ। ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। তাঁদের সঙ্গে একই নৌকায় থাকা মাসুম মিয়া নামে এক তরুণ দুই দিন সাগরে ভেসে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তিন দিন আগে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে তিনি নৌকাডুবির ঘটনা জানান। এরপর থেকেই নিখোঁজ ছয় তরুণের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। তাঁদের বহনকারী নৌকাটি ছিল বাতাসে ফোলানো রাবারের তৈরি। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ভূমধ্যসাগরের মাঝপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। নৌকাডুবির পর প্রায় দুই দিন সাগরে ভেসে থাকার একপর্যায়ে তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।

নিখোঁজ ছয় তরুণ হলেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মাসুমের বাবা মারাজ মিয়া ছেলের বরাত দিয়ে জানান, নৌকাটি সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ ছিদ্র হয়ে যায়। দ্রুত পানি ঢুকতে থাকায় যাত্রীরা বিপদের মুখে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। তাঁর ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে সহায়তা করেন।

মাসুমের কাছ থেকে দুর্ঘটনার খবর জানার পর তাঁর বাবা নিখোঁজ ছয় তরুণের পরিবারকে বিষয়টি জানান। এরপর ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্বজনেরা। একই নৌকায় থাকা ছয় তরুণের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ তরুণদের পরিবারের সদস্যরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন। তাঁদের আশা ছিল, ছেলেরা ইউরোপে পৌঁছে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন। কিন্তু এখন সেই স্বপ্নের বদলে সন্তানদের জীবন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।

পুরাইকলা গ্রামের নিখোঁজ পাভেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?’

বাঘাসুরা গ্রামের নিখোঁজ নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন।’ তিনি আরও জানান, দালালদের ঠিকানা সম্পর্কেও তাঁরা কিছু জানেন না।

স্বজনেরা জানান, নৌকাডুবির খবর পাওয়ার পর থেকে ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কোথায় গেলে বা কার কাছে গেলে নিখোঁজ সন্তানদের সন্ধান পাওয়া যাবে, তা নিয়েও দিশাহারা পরিবারগুলো।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে তাঁদের পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ, ২১ নভেম্বরের সমাবেশ বন্ধের দাবি মানবাধিকার সংস্থার

ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস…

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তদন্ত চায় জাতিসংঘ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের কথাও তুলে ধরেছে সংস্থাটি। তবে বাংলাদেশে…

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার…

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ, ১৫ দিনের সময় বেঁধে দিলেন আইনজীবী

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের…

যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নেটওয়ার্ক অচল, জরুরি কর্মী ছাড়া বন্ধ সদর দপ্তর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় কম্পিউটার নেটওয়ার্ক ‘এনএসএনেট’ অচল হয়ে পড়েছে। এ ঘটনায় সংস্থাটির অধিকাংশ কর্মীর জন্য সদর দপ্তর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au