বাংলাদেশ

নারী শ্রমিকের মৃত্যুর গুজবে রণক্ষেত্র গাজীপুর

  • 6:31 pm - November 24, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি : সংগৃহীত

এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চল। শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এ ঘটনায় আশপাশের অন্তত আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টস ও রিপন নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ওই নারী শ্রমিককে মারধর করেছেন। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে গাজীপুরের নাওজোর এলাকার চিত্র। ছবি : সংগৃহীত

এদিকে, মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা ওই নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলাম গার্মেন্টস লিমিটেডের ইউনিট-২-এর ইনচার্জ শরিফ, এপিএম নয়ন, তানিয়াসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাঁকে মারধর করেছেন। তাঁর ভাষ্য, কারখানার গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁরা অতর্কিত হামলা চালান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করেন।

কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই নারী শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি।

অন্যদিকে, ইসলাম নীট ডিজাইন লিমিটেডের ইউনিট-২-এর এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারী শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকের মৃত্যুর ঘটনা গুজব। কোনাবাড়ীর জরুন এলাকায় সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দখলে দেশি-বিদেশি সংবাদমাধ্যম, সবখানে তাঁর দেশে ফেরার খবর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার…

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক…

খুলনায় ছয় ঘণ্টায় তিন স্থানে গুলি, নিয়ন্ত্রণের বাইরে অপরাধীরা

ভাস্কর দত্ত : শিল্প ও বন্দরনগরী খুলনায় আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নগরীর তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে…

শেখ হাসিনার দেশে ফেরার পথ কি সহজ করছে বিএনপি সরকার?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ…

নতুন করে নির্বাচনই পারে বাংলাদেশের রাজনৈতিক বৈধতার সংকট কাটাতে

বিপ্লব উদ্‌যাপন করা সহজ, কিন্তু বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন। বাংলাদেশ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায়…

জামায়াতের ঘোষিত অস্ট্রেলিয়ার সরকারি বৈঠকের ঘোষণা কতটা সত্য ছিল?

ওটিএন বাংলা | বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন | মেলবোর্ন, ২৪ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au