শেখ হাসিনার দখলে দেশি-বিদেশি সংবাদমাধ্যম, সবখানে তাঁর দেশে ফেরার খবর
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় তাঁকে আরও পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন পুলিশি পাহারায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাঁর পক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান। একই সঙ্গে তাঁর জামিনও চান তাঁরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে নেওয়ার পক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রথম দফায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এতে তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করে মামলার তদন্তের গতিপথ অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও বলা হয়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদের সময় মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাঁকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
প্রথম দফার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এসব হামলায় অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালেব।
এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারের পর প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে এবার তাঁকে দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au