বিশ্ব

বিশ্বে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে খুন পাঁচ নারী: জাতিসংঘ

  • 8:34 pm - November 24, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, ঘর ও পরিবারেও নারীরা কতটা নিরাপত্তাহীন।

বিশ্বজুড়ে ২০২৫ সালে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে হত্যার শিকার হয়েছেন। সে হিসাবে গত বছর প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী ও মেয়েকে প্রাণ দিতে হয়েছে। আগের কয়েক বছরের তুলনায় এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ, এ ধরনের হত্যাকাণ্ড কমাতে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

২০২৫ সালে বিশ্বে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই প্রাণ হারিয়েছেন তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। ৪৭ হাজারের বেশি ভুক্তভোগীর হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়ে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাঁদের মধ্যে ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে হত্যাকাণ্ডের শিকার হওয়ার হার ছিল ১১ শতাংশ।

জাতিসংঘ বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু নারীর সঙ্গে স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সম্পর্কের বিষয়টি বিবেচনা করলে চলবে না। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কারণ, পরিবারের বিভিন্ন সম্পর্কের মধ্যেও নারী ও মেয়েরা সহিংসতার শিকার হচ্ছেন।

অঞ্চলভিত্তিক হিসাবে, ২০২৫ সালে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নারী ও মেয়েদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। সেখানে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২ হাজার ১০০ জন। এরপর রয়েছে এশিয়া, যেখানে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। এ ছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও মেয়ে এভাবে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরগতিতে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

জাতিসংঘের মতে, নারীদের প্রতি এ ধরনের সহিংসতার সঙ্গে সমাজের প্রচলিত রীতিনীতি এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা বৈষম্যমূলক ধারণার গভীর সম্পর্ক রয়েছে। একই সঙ্গে বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা বাধার মুখোমুখি হওয়ার বিষয়টিও এতে স্পষ্ট হয়েছে।

প্রতিবেদনে ‘নারীহত্যা’ বা ‘ফেমিসাইড’ বলতে নারী ও মেয়েদের লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে বোঝানো হয়েছে। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু হত্যাকাণ্ডও এর অন্তর্ভুক্ত।

তবে পরিবারের বাইরে সংঘটিত নারীহত্যার বিষয়ে বিশ্বজুড়ে পর্যাপ্ত তথ্য নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা এবং ব্যাপকতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

সুত্রঃ arabnews

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দখলে দেশি-বিদেশি সংবাদমাধ্যম, সবখানে তাঁর দেশে ফেরার খবর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার…

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক…

খুলনায় ছয় ঘণ্টায় তিন স্থানে গুলি, নিয়ন্ত্রণের বাইরে অপরাধীরা

ভাস্কর দত্ত : শিল্প ও বন্দরনগরী খুলনায় আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নগরীর তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে…

শেখ হাসিনার দেশে ফেরার পথ কি সহজ করছে বিএনপি সরকার?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ…

নতুন করে নির্বাচনই পারে বাংলাদেশের রাজনৈতিক বৈধতার সংকট কাটাতে

বিপ্লব উদ্‌যাপন করা সহজ, কিন্তু বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন। বাংলাদেশ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায়…

জামায়াতের ঘোষিত অস্ট্রেলিয়ার সরকারি বৈঠকের ঘোষণা কতটা সত্য ছিল?

ওটিএন বাংলা | বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন | মেলবোর্ন, ২৪ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au