বাংলাদেশ

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত করছে ভারত, দিল্লির সঙ্গে দূরত্বে চাপে তারেকের সরকার

তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত, দিল্লির আমন্ত্রণের পরও হয়নি দ্বিপক্ষীয় বৈঠক | নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা | গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা, বাড়ছে ঢাকা-দিল্লির অবিশ্বাস

  • 8:50 pm - November 24, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশী প্রথম’ নীতি নতুন করে আলোচনায় এসেছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াচ্ছে নয়াদিল্লি। এমনকি অতীতে ভারতবিরোধী অবস্থান নেওয়া কয়েকটি দেশের সঙ্গেও কূটনৈতিক দূরত্ব কমিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করেছে দেশটি। বিপরীতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো নানা অমীমাংসিত ইস্যুতে আটকে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে আস্থার সংকট তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের আলোচনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এই টানাপোড়েন বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সাম্প্রতিক ভারত সফর এবং দেশটির পুনর্গঠনে ভারতের বড় অঙ্কের সহায়তার ঘোষণার পর আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের পেছনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ থাকলেও শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর হয়নি।

ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি তাঁর শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি উপস্থিত ছিলেন। ওই সময় নরেন্দ্র মোদীর দেওয়া আমন্ত্রণপত্রও তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়। এর আগে মোদী টেলিফোনে তাঁকে অভিনন্দন জানান এবং সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান।

কূটনৈতিক মহলে ধারণা করা হয়েছিল, নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের প্রথম দিকের বিদেশ সফরের তালিকায় ভারত থাকতে পারে। কিন্তু তিনি প্রথমে মালয়েশিয়া, পরে চীন সফর করেন। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান এবং সর্বশেষ জাপান সফর করেন। অন্যদিকে, ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত ও বাংলাদেশের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নভেম্বরের দ্বিতীয়ার্ধে সফরের একটি সম্ভাব্য সময়ও বিবেচনায় ছিল। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান, দ্বিপক্ষীয় বিভিন্ন বিরোধ এবং রাজনৈতিক পর্যায়ে মতপার্থক্যের কারণে সেই সফর এখনো বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান আইআইএসএসের ১২ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শেখ হাসিনার অবস্থানসহ কয়েকটি অমীমাংসিত সমস্যার কথা তুলে ধরা হয়েছে।

নেপালের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নয়াদিল্লি সফর আঞ্চলিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান নেপালের প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর।

নেপালের রাজনীতিতে বালেন্দ্র শাহের উত্থানও বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে কিছুটা তুলনীয়। দুই দেশেই তরুণদের নেতৃত্বে জেন-জি আন্দোলনের পর সরকার পরিবর্তন এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ক্ষমতায় এসেছে। তবে ভারত সম্পর্কে তাঁদের রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক কৌশলে পার্থক্য রয়েছে।

বালেন্দ্র শাহ রাজনীতিতে আসার আগে থেকেই ভারতবিরোধী বক্তব্যের জন্য আলোচনায় ছিলেন। নেপালের সীমান্ত বিরোধ, বিশেষ করে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে তাঁর অবস্থান ছিল কঠোর। দায়িত্ব গ্রহণের পর ভারতের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ নিয়েও অনাগ্রহের খবর প্রকাশিত হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই তাঁর নয়াদিল্লি সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, অবকাঠামো, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল নেপালের জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির উন্নয়ন সহায়তা।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৩ নভেম্বর প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, এই সহায়তার মধ্যে রয়েছে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও নতুন অবকাঠামো প্রকল্পের জন্য ৩ হাজার ৫০০ কোটি রুপির অনুদান এবং জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নে ১১ হাজার ৫০০ কোটি রুপির ঋণসুবিধা।

নেপালের রসুয়া-ভোটেকোশি অঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর দেশটির পুনর্গঠনে ভারত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। বন্যার পর উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমেও ভারত ভূমিকা রেখেছিল। সফরে বালেন্দ্র শাহ ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের পাশাপাশি ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক নির্ভরতা, জ্বালানি ও যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের সঙ্গে নেপালের ঘনিষ্ঠতা বাড়লেও ভারতের সঙ্গে ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক উপেক্ষা করা দেশটির পক্ষে কঠিন। সাম্প্রতিক সফর সেই বাস্তবতাকেই সামনে এনেছে।

ভুটান ও মালদ্বীপের সঙ্গে সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে দিল্লি

নেপালের পাশাপাশি ভুটানের সঙ্গেও অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক শক্তিশালী করছে ভারত। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের ভারত সফর এবং দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি নয়াদিল্লির আঞ্চলিক নীতির গুরুত্বপূর্ণ অংশ।

ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ভারত আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও অবকাঠামো খাতে সহজ শর্তে ঋণ এবং নতুন বিনিয়োগের বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের পরিকল্পিত পরিবেশবান্ধব নগরী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্পেও ভারত প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহযোগিতা করছে। ভুটানের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ জন্য সীমান্তে নতুন ইমিগ্রেশন চেকপোস্ট এবং রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভুটানের সঙ্গে চীনের সীমান্ত ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। দেশটির সঙ্গে বেইজিংয়ের যোগাযোগ বাড়লেও ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি এই সম্পর্ককে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের অংশ হিসেবে বিবেচনা করে।

অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কও একসময় বড় ধরনের সংকটে পড়েছিল। ২০২৩ সালের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণার মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। দায়িত্ব গ্রহণের পরই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানান। তাঁর সরকারের কয়েকজন মন্ত্রীর ভারতবিরোধী মন্তব্য এবং ভারতের সঙ্গে যৌথ হাইড্রোগ্রাফিক জরিপ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করে।

২০২৪ সালের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়। এর জেরে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’ প্রচারণা শুরু হয়। ভারতীয় পর্যটকদের একটি বড় অংশ মালদ্বীপ ভ্রমণ বাতিলের ঘোষণা দেয়। মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতির জন্য বিষয়টি উদ্বেগের কারণ হয়ে ওঠে।

তবে পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের জুনে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন মইজ্জু। একই বছরের ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন তিনি। সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, অবকাঠামোগত, ডিজিটাল ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত হয়।

ভারত মালদ্বীপকে ১০ কোটি মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি গ্রেটার মালে কানেক্টিভিটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন, দ্বীপগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং বাণিজ্য ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। মালদ্বীপে ভারতের ইউপিআই, ডিজিটাল পরিচয়ব্যবস্থা ও অন্যান্য ডিজিটাল অবকাঠামো চালুর বিষয়েও সমঝোতা হয়।

মালদ্বীপের সঙ্গে সম্পর্কের এই পরিবর্তনকে ভারতের কূটনৈতিক কৌশলের একটি উদাহরণ হিসেবে দেখা হয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে নয়াদিল্লি।

শ্রীলঙ্কার সংকটে ভারতের চার বিলিয়ন ডলারের সহায়তা

শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কও সাম্প্রতিক সময়ে সহযোগিতামূলক ধারায় এগিয়েছে। ২০২২ সালে অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের পর দেশটিতে রাজনৈতিক পরিবর্তন ঘটে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, জ্বালানি ও খাদ্যসংকট এবং মূল্যস্ফীতির কারণে শ্রীলঙ্কার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে।

ওই সংকটের সময় ভারত দেশটির পাশে দাঁড়ায়। প্রায় ৪০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেয় নয়াদিল্লি। এর মধ্যে ছিল জ্বালানি আমদানির জন্য ঋণসুবিধা, খাদ্য ও ওষুধ কেনার অর্থায়ন এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে ৪০০ মিলিয়ন ডলারের কারেন্সি সোয়াপ সুবিধা।

শ্রীলঙ্কায় তখন জ্বালানি সংগ্রহের জন্য সাধারণ মানুষকে দীর্ঘ সময় পেট্রলপাম্পে অপেক্ষা করতে হতো। পরিস্থিতি সামাল দিতে ভারত জ্বালানি তেল, চাল, গম, গুঁড়ো দুধ, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করে। কৃষি উৎপাদন সচল রাখতে ইউরিয়া সারও পাঠানো হয়।

পরবর্তী সময়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য তিনি ভারতকে বেছে নেন। তাঁর রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরামুনার অতীতের ভারতবিরোধী অবস্থান নিয়ে একসময় উদ্বেগ থাকলেও দিসানায়েকে ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস দেন।

ভারতও শ্রীলঙ্কাকে তাদের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘মহাসাগর’ বা আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।

আফগানিস্তান ও মিয়ানমারেও প্রভাব ধরে রাখার চেষ্টা ভারতের

দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিবেশী অঞ্চলের দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বজায় রাখছে ভারত। আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। তালেবান প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দেশে একাধিক বৈঠকের পর আফগানিস্তানের কয়েকজন মন্ত্রীর ভারত সফরও হয়েছে।

আফগানিস্তানে ভারতের আগ্রহের পেছনে পাকিস্তানের সঙ্গে ভূরাজনৈতিক প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ। তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখে ভারত দেশটিতে নিজেদের কূটনৈতিক উপস্থিতি ধরে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে মানবিক সহায়তা, উন্নয়ন ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রয়েছে।

মিয়ানমারের ক্ষেত্রেও একই ধরনের কৌশল অনুসরণ করছে ভারত। দেশটিতে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা থাকলেও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে নয়াদিল্লি। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে মিয়ানমার ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরিতাপূর্ণ। সীমান্তে সন্ত্রাসবাদ, কাশ্মীর ইস্যু এবং নিরাপত্তা নিয়ে দুই দেশের বিরোধের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যত স্থবির। ২০১৬ সালে উরি হামলার পর ভারত ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে আঞ্চলিক সহযোগিতার এই সংস্থার কার্যক্রমও কার্যত অচল হয়ে পড়ে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বড় অনিশ্চয়তা

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর একটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফলে চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চুক্তিটি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। তবে এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ নেই, এমন দাবি সঠিক নয়। বরং বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার ভারতের সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গঙ্গা নদী। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ এ জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটিও গঠন করেছে। ঢাকার পক্ষ থেকে নতুন চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

তবে ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয়নি। বৈঠকে মূলত বিদ্যমান চুক্তির বাস্তবায়ন ও বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন চুক্তি কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ভারতের সংসদে গত ফেব্রুয়ারিতে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত জবাবেও বলা হয়েছিল, চুক্তি নবায়নের আলোচনা তখনো শুরু হয়নি। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও উদ্যোগ থাকলেও চূড়ান্ত সমঝোতা হয়নি।

শুধু গঙ্গার পানি নয়, দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বাধা এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলছে।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আশ্বাস দেওয়া হলেও দুই দেশের মধ্যে আস্থার সংকট কাটেনি। দিল্লির বক্তব্য, বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সব দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগের প্রত্যাশা রয়েছে।

তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি ও ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্ন

বাংলাদেশের নতুন সরকারের ঘোষিত পররাষ্ট্রনীতির অন্যতম প্রতিপাদ্য ‘সবার আগে বাংলাদেশ’। এর মাধ্যমে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক বিবেচনায় এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। জ্বালানি, খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ, যোগাযোগ ও স্থলবাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশে ভারতবিরোধী রাজনৈতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ভারতেও বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা বক্তব্য এবং বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার দাবি উঠেছে। বিশেষ করে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ বন্ধের মতো দাবিও সামনে এসেছে। তবে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য প্রভাব বাংলাদেশের সাধারণ মানুষ ও দুই দেশের অর্থনীতির ওপর পড়তে পারে।

ভারত এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কঠোর অবস্থান গ্রহণের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার কথা বলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিকবার বলেছেন, বাংলাদেশকে নিয়ে নয়াদিল্লি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান, সীমান্ত পরিস্থিতি, বাণিজ্যিক বিধিনিষেধ এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মতো বিষয়গুলোর সমাধান জরুরি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতির মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত সহযোগিতা বাড়ানো। এই নীতির আওতায় ভারত একদিকে নেপালকে বড় অঙ্কের উন্নয়ন সহায়তা দিচ্ছে, অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে অতীতের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিচ্ছে। ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অচলাবস্থা আঞ্চলিক কূটনীতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে।

তারেক রহমানের সরকার একদিকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা এখনো অমীমাংসিত। ফলে প্রশ্ন উঠছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা যখন বাড়ছে, তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লি কত দ্রুত কার্যকর উদ্যোগ নিতে পারবে?

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল দুই দেশের সরকারের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়। দুই দেশের জনগণের যোগাযোগ, বাণিজ্য, নদীর পানি, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও তা গভীরভাবে যুক্ত। তাই রাজনৈতিক মতপার্থক্যকে দীর্ঘস্থায়ী বৈরিতায় রূপ নিতে না দিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করাই দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দ্য ওয়াল

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দখলে দেশি-বিদেশি সংবাদমাধ্যম, সবখানে তাঁর দেশে ফেরার খবর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার…

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক…

খুলনায় ছয় ঘণ্টায় তিন স্থানে গুলি, নিয়ন্ত্রণের বাইরে অপরাধীরা

ভাস্কর দত্ত : শিল্প ও বন্দরনগরী খুলনায় আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নগরীর তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে…

শেখ হাসিনার দেশে ফেরার পথ কি সহজ করছে বিএনপি সরকার?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ…

নতুন করে নির্বাচনই পারে বাংলাদেশের রাজনৈতিক বৈধতার সংকট কাটাতে

বিপ্লব উদ্‌যাপন করা সহজ, কিন্তু বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন। বাংলাদেশ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায়…

জামায়াতের ঘোষিত অস্ট্রেলিয়ার সরকারি বৈঠকের ঘোষণা কতটা সত্য ছিল?

ওটিএন বাংলা | বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন | মেলবোর্ন, ২৪ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au