সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
ওটিএন বাংলা ডেস্ক-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। দেশটির মূলধারার সংবাদমাধ্যম, ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার পর এবার এ সফর নিয়ে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মার্নি পার্লস্টেইন (Marnie Perlstein)। জামায়াত আমিরকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এবং স্বরাষ্ট্র বিভাগের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
গত ২৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ‘Another radical Islamist leader arrives in Australia’ (আরও একজন কট্টর ইসলামপন্থী নেতা অস্ট্রেলিয়ায় এলেন) শিরোনামে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরের সমালোচনা করেন মার্নি পার্লস্টেইন। ভিডিওতে তিনি ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এবং এর পেছনে থাকা ভিসা যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
ভিডিওতে জামায়াত আমিরের অতীত বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরা হয়। বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করার অভিযোগ উল্লেখ করে তাঁর অস্ট্রেলিয়া সফরের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
২৬ নভেম্বর বিকেল পর্যন্ত ওটিএন বাংলার হাতে আসা ভিডিওটির স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটিতে ৫৮৬টি লাইক, ৩১৮টি মন্তব্য এবং ৮১টি শেয়ার দেখা গেছে। এসব প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।
ভিসা যাচাই প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্কের সূত্রপাত দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। সেখানে ডা. শফিকুর রহমানের অতীত বক্তব্য, হামাস নেতাদের প্রতি তাঁর অবস্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমালোচনার বিষয় তুলে ধরা হয়।
এরপর অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) যৌথ বিবৃতিতে তাঁর সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারের কাছে জানতে চায়, কী ধরনের যাচাই-বাছাইয়ের পর তাঁকে ভিসা দেওয়া হয়েছে এবং তাঁর সফরকালে দেশটির কোনো সরকারি প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না।
সংগঠনগুলোর পক্ষ থেকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে জবাবদিহির দাবিও জানানো হয়। তবে ভিসা আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার বিষয় উল্লেখ করে শফিকুর রহমানের ভিসা যাচাইয়ের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি মন্ত্রী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে ভিসা পেতে আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত প্রযোজ্য শর্ত পূরণ করতে হয়।
অস্ট্রেলিয়া ছাড়ার পরও থামেনি সমালোচনা
গত ২০ নভেম্বর রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। চার দিনের সফরে তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া সিডনির ব্যাংকসটাউন, ক্যাম্বেলটাউন এবং রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
গত ২৪ নভেম্বর বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করেন তিনি। পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফরও বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন জামায়াত আমির।
তবে তাঁর অস্ট্রেলিয়া ত্যাগের পরও সফর এবং ভিসা অনুমোদন নিয়ে দেশটিতে সমালোচনা অব্যাহত রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টির পক্ষ থেকেও তাঁর সফর নিয়ে আপত্তি জানানো হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল কেন তাঁকে আতিথেয়তা দিয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দাবি করা হয়েছে।
দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবাদে আইনি নোটিশ
এদিকে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদটি প্রত্যাহারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে দলটি।
দলটির পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন বক্তব্যের বিষয়ে আপত্তি তোলা হয়েছে। তবে আইনি নোটিশের পর সংবাদমাধ্যমটির পক্ষ থেকে প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটিতে অভিবাসন নীতি, ভিসা অনুমোদনের স্বচ্ছতা, নিরাপত্তা যাচাই এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সফর শেষ করে তিনি বাংলাদেশে ফিরে এলেও দেশটির সংবাদমাধ্যম, রাজনৈতিক দল, বিভিন্ন সম্প্রদায়ের সংগঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au