সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
গ্রেফতারি পরোয়ানা তামিল করতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রাজধানীর গুলশানের বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তার বাসায় যান। ওই সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন তিনি।
পুলিশের ওই কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি সেখানে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।
তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে, স্থগিত থাকা ওই মামলাতেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশ তার বাসায় যায়। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইন, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এসব মামলা করেন।
এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয় এবং সাজা ভোগ করতে হয় মাহমুদুর রহমানকে। এ ছাড়া দুই দফায় দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন তিনি। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সরকার দায়িত্ব পালন করলেও মাহমুদুর রহমান এবং আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম এখনো চলছে। এর মধ্যে আইনমন্ত্রী সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। তবে এসব মামলার মধ্যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au