আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান চেনালেন নিজের জাত। প্রমাণ করলেন, কেন তাকে হন্তদন্ত হয়ে কিনেছে দিল্লী ক্যাপিটালস। হাই ভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্সের ব্যাটারদের ফেললেন ধাঁধায়। যদিও ম্যাচটা হার নিয়ে শেষ করেছে দিল্লী।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয় দিল্লীকে। তাতে অক্ষর প্যাটেলের দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে জড়ো করে ১৯৯ রান। দলের পক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল। মাত্র ৬৫ বল মোকাবেলা করে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১১২ রান করে ছিলেন অপরাজিত।
ওপেনিংয়ে নেমে রাহুলের খেলা এই ইনিংসই দলকে বড় পুঁজির ভিত গড়ে দেয়। এছাড়া অভিষেক পোরেল ১৯ বলে ৩০, অধিনায়ক অক্ষর ১৬ বলে ২৫ রান করেন। ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। ফাফ দু প্লেসি ইনিংসের সূচনা করতে নেমে ১০ বলে করেন ৫ রান।
ছোট মাঠে এই পুঁজিকেও খুব বড় বলা যাচ্ছিল না, তাই প্রয়োজন ছিল বোলারদের ক্ষুরধার পারফরম্যান্স। সেই পরীক্ষায় শুরুতেই ফেল অক্ষর-নটরাজনরা। তৃতীয় ওভার পর্যন্ত গুজরাট হাঁকিয়ে ফেলে ৬টি চার ও ২টি ছক্কা। রানের লাগাম টানতে বল তুলে দেওয়া হয় মুস্তাফিজের হাতে। চতুর্থ ওভারে কোনো বাউন্ডারি হজম না করার সুবাদে বাংলাদেশি পেসার লড়াইয়ে ফেরান দিল্লীকে। ষষ্ঠ ওভারে একটি চার হজম করলেও ২ ওভারে খরচের খাতায় ছিল মাত্র ১৩ রান।
১৬তম ওভারে আবারো আক্রমণে এসেই মুস্তাফিজ হজম করেন জোড়া চার। তখন অবশ্য ম্যাচই হাতছাড়া হয়ে গেছে দিল্লীর। পতন ঘটেনি কোনো উইকেটেরও। স্বভাবতই গুজরাটের ওপেনাররা ছিলেন মারকুটে মেজাজে। ওপেনিং জুটিই দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। ১০ উইকেটে হারে দিল্লী।