বিশ্ব

বাইরের শক্তিকে দোষ চাপিয়ে লাভ নেই: ঢাকাকে দিল্লির পরামর্শ

  • 6:33 am - May 30, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
দিল্লির সাউথ ব্লক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতর যেখানে। ছবি: বিবিসি

মেলবোর্ন, ৩০ মে- বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি তার দেশের সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠকে যে মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে, তার জবাবে প্রতিক্রিয়া দিয়েছে ভারত।

বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছেন, “বাংলাদেশ সরকারকে আমি বলব তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক ইস‍্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই।”

তিনি বলেন, “এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যে সব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।”

তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যে সব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে।”

উল্লেখ করা যেতে পারে, গত রবিবার (২৫ শে মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।”

সেই মন্তব্যের পটভূমিতে এদিনের ব্রিফিংয়ে মি জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে ওই কথা বলেন।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে
দিল্লিতে এদিন একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এবং পরে সর্বদলীয় বৈঠকও করেছেন – এই পরিস্থিতিতে ভারত কি বিচলিত বোধ করছে?

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা দুই দেশের সম্পর্কটা যেভাবে দেখি – সেটা আমি আগেও অনেকবার বলেছি – যে আমরা একটা গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই!”

“কিন্তু সেই সম্পর্কটার ভিত্তি হতে হবে এমন – যাতে দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থ সেখানে মিলিত হয়।”

তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত কী ভাবছে, সে ব্যাপারে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি।

রাখাইন মানবিক করিডর, নির্বাচন ইস্যু

বাংলাদেশ তাদের ভূখন্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছে, সে ব্যাপারে ভারতের অবস্থান কী সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমি আগেও অনেকবার বলেছি, এই ধরনের ডেভেলপমেন্টগুলো (যেটাতে নিরাপত্তাগত প্রশ্ন জড়িত থাকে) সেগুলোর দিকে সব সময়ই আমাদের সতর্ক নজর থাকে।”

ভারত বাংলাদেশে ‘তাড়াতাড়ি’ একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় বলেও এদিন আবারও মন্তব্য করেছেন মি. জয়সওয়াল।

বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে, সে ব্যাপারে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা বাংলাদেশে নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি – বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কী, সেটা যাচাই করতে হবে।

“আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ একটা নির্বাচনের মাধ্যমে – খুব তাড়াতাড়ি।”

-বিবিসি বাংলার প্রতিবেদন

 

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au