ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে ইসরায়েলি হামলায় ৫ ইরানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (২১ জুন) প্রদেশের কাসের-ই-শিরিনের নাফতাশহর গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন কারমানশাহর প্রাদেশিক গভর্নর।
স্থানীয় বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে গভর্নর জানান, ভোররাতে চালানো এ হামলায় ইরানি সেনাদের টার্গেট করা হয়।
১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন, আহত ৩ হাজার ৫০০ জনের বেশি। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে ২৫ জন নিহত ও কয়েক শ’ মানুষ আহত হয়েছেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধ আরও বিস্তৃত আকার নিতে পারে।