চলমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (১৭ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মস্কো সফরে গিয়ে চিঠিটি পুতিনের হাতে তুলে দেন।
ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘তাস’-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান ও রাশিয়া তাদের অবস্থান সমন্বয় করছে।”
পুতিনের সঙ্গে আরাগচির বৈঠক অনুষ্ঠিত হলেও সেই বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথমবারের মতো ইরানের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে কোনো দেশের কাছে সামরিক বা কৌশলগত সহযোগিতা চাইল। এটি তেহরানের জন্য একটি বিরল পদক্ষেপ।
উল্লেখ্য, ইসরায়েল গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই রাশিয়া এর তীব্র সমালোচনা করে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছে মস্কো।
ইরান-রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে খামেনির চিঠিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বড় কূটনৈতিক সিগনাল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।