কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব। দেশ দুটি হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
সোমবার (২৩ জুন) মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “কাতারের আকাশসীমায় এই হামলা জঘন্য লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি-নিরাপত্তার জন্য হুমকি।”
তারা আরও জানায়, কাতারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপে তারা পূর্ণ সমর্থন দেবে।
একইসঙ্গে, সৌদি আরবও এক বিবৃতিতে ইরানি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, “এই হামলা সুপ্রতিবেশী সম্পর্ক ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।” সৌদি আরব বন্ধুপ্রতিম কাতারের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে হামলার পরিপ্রেক্ষিতে প্রয়োজন হলে সহায়তা পাঠানোর কথাও জানিয়েছে।
উল্লেখ্য, ইরানের দাবি, কাতারের আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে, কাতারের বিরুদ্ধে নয়।
তেহরান বলছে, “ভ্রাতৃপ্রতিম কাতারের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে বিশ্লেষকরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলে এমন হামলা পারস্পরিক আস্থার সংকট বাড়াতে পারে এবং আঞ্চলিক জোটরাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিতও দিচ্ছে।