মেলবোর্ন ২৭ জুন
ইন্টার মিলান ও রিভারপ্লেটের ম্যাচ ছিল বাঁচামরার লড়াই। তবে আর্জেন্টাইন ক্লাবকে বিদায় করে দিয়ে শেষ হাসি হেসেছে ইতালির দলটা। ফলে রিভারপ্লেটের বিদায়ে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে উঠতে পারেনি লিওনেল মেসির দেশের কোনো ক্লাব। অপরদিকে ব্রাজিল থেকে অংশ নেয়া চার ক্লাব- ফ্ল্যামেঙ্গো, বোতাফোগো, পালমেইরাস ও ফ্লুমিনেন্স নকআউট পর্ব নিশ্চিত করেছে।
ক্লাব বিশ্বকাপে এবার আর্জেন্টিনা থেকে অংশ নিয়েছিল ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট। আগের দিনই শেষ ষোলোর রেস থেকে বিদায় নেয় বোকা জুনিয়র্স। অপরদিকে গ্রুপ ‘ই’ এর শেষ ম্যাচে রিভারপ্লেটের বিপক্ষে ইতালিয়ান ক্লাব ইন্টারই শেষ হাসি হেসেছে। আর্জেন্টাইন ক্লাবটি হেরেছে ২-০ গোলে, পাশাপাশি বোনাস হিসেবে দেখেছে দুটো লাল কার্ড। ফলে ক্ষুব্ধ দর্শকরাও গ্যালারি থেকে নানা বস্তু ছুড়ে মেরেছেন।
অপরদিকে, এবারের আসরে অংশ নেওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবই শেষ ষোলোতে উঠে চমক দেখিয়েছে। তার মধ্যে – ফ্ল্যামেঙ্গো, বোতাফোগো, পালমেইরাস এই তিন ক্লাবই গ্রুপপর্বের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। কেবল মাত্র ফ্লুমিনেন্সই গ্রুপ ‘এফ’ থেকে রানার্স আপ হয়েছে। এ গ্রুপের সেরা হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৮ জুন থেকে। শেষ ষোলোতে ইন্টার মিলান প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স। অন্যদিকে ফ্ল্যামিঙ্গো প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বায়ার্ন মিউনিখ। অবশ্য পালমেইরাসের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো হওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে নিশ্চিতভাবেই ব্রাজিলের কোনো না কোনো ক্লাব থাকছে।