পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসে
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে কোনো ত্রিপক্ষীয় জোট গঠন করা হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগটি চীনের এবং এটি একেবারেই অফিশিয়াল পর্যায়ে, রাজনৈতিক কোনো পর্যায়ে নয়।
তৌহিদ হোসেন বলেন, ‘ওখানে একটা প্রদর্শনী হচ্ছিল, সেখানে সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্রসচিব বসে আলাপ-আলোচনা করেছি। আলাপ-আলোচনা পুরোপুরি ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি; এগুলো নিয়ে। আপনারা জোট গঠনের যে কথা বলছেন, এ ধরনের কোনো কিছু ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা সৃষ্টির ব্যাপার। আমরা মনে হয় না, এটা নিয়ে আর কোনো কিছু হতে দেওয়া উচিত।’
তাহলে বাংলাদেশ জোট গঠনের কথা ডিনাই করছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘কোনোটিই ডিনাই করার প্রয়োজন নেই। আমরা আমাদের যেটুকু উল্লেখ করেছি, এটাতে বোঝা যায় এটাতে স্ট্রাকচারাল বড়সড় কোনো ব্যাপার ছিল না। প্রত্যেকটা দেশ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে। আমরাও তাই করেছি। যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি হয় তখন আপনারা জানতে পারবেন।’
এ সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং সেক্ষেত্রে সরকার কি করছে, তাও স্পষ্ট করে তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, কর্মজীবনের শেষ দিনে গত ২০ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন এবং সেজন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন। যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা।
এটিকেই পরবর্তীতে ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলেও দাবি করে ভারতীয় গণমাধ্যম।