বাংলাদেশের হাই কোর্ট; ছবিঃ সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে বলা হয়েছে।
রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও-ছবি সরানোর নির্দেশ কেন দেওয়া হবে না।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী, তিনি নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
মীর এ কে এম নূরুন্নবী জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাইয়ের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি এক নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ওই নারী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী, আর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।