আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (২৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, প্যাকিংয়ের সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে গিয়েছিল। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর সেটি ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।
আজ ভোরে মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে দেশত্যাগ করেন তিনি। ভোরে স্ক্যানিংয়ে ম্যাগাজিনটি ধরা পড়ে।
ব্যাখ্যায় আসিফ মাহমুদ লিখেছেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফা হত্যাচেষ্টা চালানো হয়েছে। তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্র রাখাটা স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “মরক্কো যাত্রার আগে ভোরে তাড়াহুড়োয় প্যাকিংয়ের সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ব্যাগে রয়ে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর প্রটোকল অফিসারের কাছে রেখে আসি। শুধু ম্যাগাজিন দিয়ে কীই–বা করব? যদি কোনো উদ্দেশ্য থাকত, তাহলে অবশ্যই অস্ত্রও সঙ্গে নিতাম। এখানে অবৈধ কিছু নেই, তবে অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে।”
সংবাদমাধ্যমকে চাপ প্রয়োগ করে খবর সরানোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি। বলেছেন, “চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পর টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম, ট্রানজিটে নেমেও অনেকক্ষণ পর অনলাইনে এসে এসব দেখছি।”
শেষে তিনি বলেন, “নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ প্রক্রিয়া মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন।”