জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ দাখিল করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এই অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
এর আগে গতকাল রোববার অভিযোগ দাখিলের কথা থাকলেও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তা হয়নি।
গত ২৪ জুন মামলাটির তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।