খসড়া চূড়ান্ত করে ফলকার টুর্কের কাছে পাঠানো হবে। ছবিঃ ইউএন
ঢাকা, ১১ জুলাই-
ঢাকায় তিন বছরের জন্য জাতি
সংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন শাখা স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদ থেকে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর (ওএইচসিএইচআর) মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২৯ জুন উপদেষ্টা পরিষদে খসড়াটি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছিল।
ওইদিন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস ওএইচসিএইচআর বাংলাদেশের জন্য একটি মিশন শাখা চালুর উদ্যোগ নিয়েছে। আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সমঝোতা স্মারক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।”
আইন উপদেষ্টা আরও বলেন, “ওএইচসিএইচআর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দিয়েছিল। সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিনের আলোচনা হয়েছে। খসড়া চূড়ান্ত করে ফলকার টুর্কের কাছে পাঠানো হবে, তাঁর অনুমোদন পেলে দ্রুতই সই সম্পন্ন হবে। এরপর ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালু হবে।”
এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার সিলেটে দলটির সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। দেশের মানুষ এবং হেফাজতে ইসলাম এই কার্যালয় স্থাপন মেনে নেবে না।”